বিচারের দাবিতে কাল আওয়ামী লীগের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ও খুনিদের বিচারের দাবিতে কাল বুধবার মানববন্ধনের আয়োজন করেছে জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন।জানা যায়, মেয়র লোকমান হোসেন হত্যাকাণ্ডের প্রতিবাদে ও বিচারের দাবিতে আওয়ামী লীগের দ্বিতীয় কর্মসূচি হিসেবে মানববন্ধন অনুষ্ঠিত হবে। মানববন্ধনটি বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন ভূঁইয়া বলেন, ‘আমরা বিভিন্ন উপজেলা থেকে সাধারণ মানুষসহ বিভিন্ন সংগঠনের যে পরিমাণ সাড়া পাচ্ছি, তাতে মানববন্ধন ২৫ কিলোমিটারের বেশি হবে বলে আশা করছি। আমাদের একটাই দাবি, লোকমান হোসেনকে যারা খুন করেছে, তাদের বিচার করা।’এর আগে প্রথম কর্মসূচি হিসেবে গত ৪ নভেম্বর পশ্চিম কান্দাপাড়া জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের সামনে হত্যাকারীদের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছিল জেলা আওয়ামী লীগ।নিহত লোকমান হোসেনের স্ত্রী তামান্না নুসরাত বলেন, ‘আমার বিশ্বাস, আমার স্বামীকে যারা হত্যা করেছে, নরসিংদীর মানুষ তাদের কোনো দিন ছাড়বে না। আমিও মানববন্ধনে স্বামীর হত্যার বিচারের দাবিতে রাজপথে নামব।’নিহত লোকমান হোসেনের ছোট ভাই ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম নেওয়াজ বলেন, ‘পুলিশ শুধু বলছে, মামলার অগ্রগতি হচ্ছে। কতটুকু হচ্ছে, কীভাবে হচ্ছে—এটা তাঁরাই বলতে পারবেন।’গত ১ নভেম্বর রাত আটটার দিকে মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে নরসিংদীর পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন নিহত হন। এ ঘটনায় তাঁর ছোট ভাই কামরুজ্জামান বাদী হয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর ছোট ভাই সালাউদ্দিন আহমেদ ওরফে বাচ্চুকে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ছয়-সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।