বিচারের দাবিতে ক্লাস বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় গত শুক্রবার বিকেলে ফুটবল খেলা শেষে বিজয়ী উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রদের হামলায় সাফা মাধ্যমিক বিদ্যালয়ের ১৬ জন খেলোয়াড় আহত হয়েছে। গুরুতর আহত মো. হাসিব নামের এক ছাত্রকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার বিচারের দাবিতে গতকাল শনিবার সাফা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছে। ঘটনা তদন্তে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার আপিল কমিটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

প্রত্যক্ষদর্শী ও আহত ছাত্রদের সূত্রে জানা গেছে, ৪৬তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার অষ্টম ম্যাচের খেলা শুক্রবার বিকেলে মঠবাড়িয়া পৌর শহরের শহীদ মোস্তফা খেলার মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় টাইব্রেকারে উদয়ন মাধ্যমিক বিদ্যালয় ২-০ গোলে সাফা মাধ্যমিক বিদ্যালয়কে হারায়। খেলা শেষে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্ররা অতর্কিত সাফা মাধ্যমিক বিদ্যালয়ের খেলোয়াড়দের ওপর হামলা করে। এতে সাফা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র মো. শামীম, মুকিত হোসেন, নাহিদ হোসেন, সুমন হোসেন, শাহ জালাল, আরিফ বিল্লাহ, সম্রাট, শান্ত, সাগর মিত্র, হাসিব, ইব্রাহিম, আলাউদ্দিন, রফিকুল ইসলাম, ফয়সাল, সাকিব ও বেল্লাল আহত হয়। আহত ছাত্ররা স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিয়েছে। আহত হাসিবের বাঁ পা ভেঙে গেছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর গতকাল দুপুরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী সাফা মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. আবদুল কাদের বলেন, ‘খেলা চলাকালে দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছোটখাটো আঘাতের ঘটনা ঘটে। এতে ক্ষিপ্ত হয়ে উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্ররা হঠাৎ আমাদের খেলোয়াড়দের ওপর হামলা করে।’

এ ঘটনা তদন্তে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার আপিল কমিটির সভাপতি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিদ্দিকুর রহমান তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটির সদস্যরা হলেন মঠবাড়িয়া মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার রুহুল আমিন খান, মিরুখালী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন খান ও তমিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম।

তদন্ত কমিটির সদস্য আলমগীর হোসেন খান বলেন, গতকাল দুপুরে তদন্ত কমিটির সদস্যরা আহত ছাত্র, প্রত্যক্ষদর্শী ও শিক্ষকদের কাছ থেকে লিখিত বক্তব্য নিয়েছেন। তদন্ত প্রতিবেদন শিগগিরই আপিল কমিটির কাছে জমা দেওয়া হবে।

উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, ‘খেলা শেষে হঠাৎ কতিপয় ছাত্র সাফা মাধ্যমিক বিদ্যালয়ের খেলোয়াড়দের ওপর হামলা করে। আমরা এ ঘটনায় জড়িত ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’