বিচারের দাবিতে ক্লাস বর্জন, মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের স্কুলছাত্র শাইক হাসান ওরফে প্রান্তর খুনিদের বিচারের দাবিতে তার সহপাঠীরা তৃতীয় দিনের মতো গতকাল বৃহস্পতিবারও ক্লাস বর্জন করে মানববন্ধন করে। সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা মেহেরপুর কারিগরি স্কুল অ্যান্ড কলেজের সামনে মানববন্ধন করে। পরে দুপুর সাড়ে ১২টা থেকে বেলা একটা পর্যন্ত মেহেরপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে।
নিখোঁজ হওয়ার চার দিন পর ১৩ জানুয়ারি সোমবার রাত সাড়ে আটটার দিকে মেহেরপুর শহরের নির্মিতব্য বাসস্ট্যান্ড এলাকার একটি কাউন্টারকক্ষ থেকে শাইকের লাশ উদ্ধার করা হয়। সে মেহেরপুর কারিগরি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীতে পড়ত।
শাইকের বাবা মেহেরপুর পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা জাহিদ হোসেন জানান, বন্ধু আরিফুল প্রতিদিনের মতো ৯ জানুয়ারি এশার নামাজ পড়তে তাঁর ছেলেকে ডেকে নিয়ে যায়। এরপর আর তাঁর ছেলে বাসায় আসেনি। এ ব্যাপারে দুদিন পর আরিফুলকে জিজ্ঞাসাবাদ করলে সে তার মুঠোফোনে শাইকের একটি খুদে বার্তা দেখায়। তাতে লেখা ছিল, ‘আমাকে এই নম্বরে আর খোঁজ করবা না। গুড বাই।’ আবার শাইকের লাশ উদ্ধারের সময় একটি চিরকুট পাওয়া যায়। তাতে লেখা ছিল, ‘আমার জান বন্ধু আরিফুলকে কেউ দোষ দিবা না, Place।’
জাহিদ হোসেন দাবি করেন, সহপাঠীদের হাতেই তাঁর ছেলে খুন হয়েছে। প্রকৃত ঘটনা ও দায়ী ব্যক্তিদের আড়াল করতে এই চিরকুট ও খুদে বার্তা দেখানো হয়।
শাইকের মৃত্যুর ঘটনায় তার বাবা হত্যা মামলা করেছেন। ওই মামলার তত্ত্বাবধানকারী সহকারী পুলিশ সুপার (সার্কেল) আবদুল জলিল জানান, ময়নাতদন্ত প্রতিবেদন ও বিভিন্ন তথ্যপ্রমাণে হত্যা এবং আত্মহত্যার আলামত পাওয়া গেছে। ভিসেরা প্রতিবেদন পাওয়ার পর এটা হত্যা না আত্মহত্যা, তা নিশ্চিত হওয়া যাবে।
জলিল জানান, লাশ উদ্ধারের পর বন্ধু আরিফুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। তার কাছ থেকে মৃত্যুর ব্যাপারে চাঞ্চল্যকর অনেক তথ্য পাওয়া গেছে। মেহেরপুর জেনারেল হাসপাতালে শাইকের মরদেহের ময়নাতদন্তকারী চিকিৎসক অলোক কুমার জানান, ময়নাতদন্তে নিহত ব্যক্তির মাথায় আঘাত ও গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধ করার নমুনা পাওয়া গেছে। পাশাপাশি শ্বাসনালীতে বিষের আলামত আছে, যা রাসায়নিক পরীক্ষার পর ভিসেরা প্রতিবেদনের জন্য ঢাকায় পাঠানো হয়েছে।