বিচারের দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে চার রাজনীতিক হত্যার বিচারের দাবিতে সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার এ হত্যাকাণ্ডের ৪২তম বার্ষিকীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গোপালগঞ্জ জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।
সকাল সাড়ে আটটায় গোপালগঞ্জ সদরের আড়পাড়ায় নিহত কমরেড ওলিউর রহমান ওরফে লেবুর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ ও সমাবেশ করা হয়। এরপর গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়। পরে গোপালগঞ্জ শ্মশানঘাটে নিহত কমলেশ বেদজ্ঞ, বিষ্ণুপদ কর্মকার ও রামপ্রসাদ চক্রবর্ত্তী ওরফে মানিকের স্মৃতির উদ্দেশে ৪২টি মোমবাতি প্রজ্বালন করা হয়। সবশেষে এ হত্যাকাণ্ডে বিচারের দাবিতে জেলা প্রশাসক মো. খলিলুর রহমানের মাধ্যমে আইনমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়।
সমাবেশে সিপিবির জেলা সভাপতি নিহার বিশ্বাসের সভাপতিত্বে অন্যদের মধ্যে খুলনা সিপিবি সভাপতি মনোজ দাস, গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক আবু হোসেন, নিহত কমলেশ বেদজ্ঞর মেয়ে সুতপা বেদজ্ঞ, সিপিবি জেলা শাখার সম্পাদকমণ্ডলীর সদস্য পঙ্কজ কুমার পাণ্ডে বক্তব্য দেন।
বক্তারা অবিলম্বে এ চার নেতার হত্যা মামলার বিচারকাজ শুরুর দাবি জানিয়েছেন। গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক আবু হোসেন প্রথম আলোকে বলেন, এ হত্যা মামলাটি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আটকে রাখা হয়। বর্তমানে মামলাটি হাইকোর্টের নির্দেশে কার্যক্রম স্থগিত রয়েছে।
১৯৭৩ সালের এই দিনে কোটালীপাড়া থেকে গোপালগঞ্জ শহরে ফেরার পথে কোটালীপাড়ার টুপুরিয়া এলাকায় প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীরা সিপিবি নেতা ওলিউর রহমান, ন্যাপ নেতা কমলেশ বেদজ্ঞ এবং ছাত্র ইউনিয়নের দুই নেতা বিষ্ণুপদ কর্মকার ও রামপ্রসাদ চক্রবর্ত্তীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। হামলার শিকার হয়েছিলেন এ চার নেতার অরেক সহযোগী লুৎফর রহমান। হত্যাকারীরা লুৎফর নিহত হয়েছে ভেবে চলে যায়। পরে লুৎফর বাদী হয়ে মো. হেমায়েতউদ্দীনসহ ২৩ জনকে আসামি করে জেলা দায়রা জজ আদালতে একটি মামলা করেন।