বিচারের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা-৩ আসনের সাবেক সাংসদ আব্দুল গফফার বিশ্বাসের পুত্রবধূ সারাহ্ ফারগুশান তন্বীকে (২৩) হত্যার অভিযোগ এনে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও নিহতের পরিবারের সদস্যদের নিরাপত্তা প্রদানের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে কয়েকটি সংগঠন।
গতকাল বুধবার সকালে খুলনার জেলা প্রশাসক মো. মোস্তফা কামালের মাধ্যমে এই স্মারকলিপি দেওয়া হয়। সংগঠনগুলো হচ্ছে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, সোশ্যাল অ্যাকটিভিটিজ ফর এনভায়রনমেন্ট (সেফ), সচেতন নাগরিক সমাজ ও জন উদ্যোগ—খুলনা।
গত ৭ এপ্রিল রাত নয়টায় নগরের নূরনগর এলাকার গফফার বিশ্বাসের বাড়ি থেকে তন্বীর (২৩) লাশ উদ্ধার করা হয়। তন্বী গফফার বিশ্বাসের ছোট ছেলে সোহেল বিশ্বাসের তৃতীয় স্ত্রী। শ্বশুরবাড়ির পক্ষ থেকে দাবি করা হয়, তন্বী আত্মহত্যা করেছেন। কিন্তু তন্বীর পরিবারের অভিযোগ, নির্যাতন করে তন্বীকে হত্যা করা হয়েছে। সুরতহাল প্রতিবেদনেও নিহতের মাথা ও ঘাড়ে, বুকের বাঁ পাশে এবং কোমরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়।
এ ঘটনায় প্রথমে থানা মামলা নিতে না চাইলে ১২ এপ্রিল খুলনার মহানগর হাকিম ইব্রাহিম খলিলের আদালতে মামলা দায়ের করেন তন্বীর মা সামিমা আখতার। আদালত নগরের খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আরজি গ্রহণের নির্দেশ দেন। তন্বীর স্বামী সোহেল বিশ্বাস ও বোন ইতি বিশ্বাস ওই মামলার আসামি।
স্মারকলিপিতে বলা হয়, অভিযুক্ত ব্যক্তিদের পক্ষ থেকে মামলা তুলে নিতে ভয়ভীতি দেখানো হচ্ছে।