বিচারের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা শহরের শালগাড়িয়া মহল্লায় তুলসি চন্দ্র দাসকে (২০) পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন হরিজন সম্প্রদায়ের লোকজন।
সাইকেল চুরির ঘটনায় জড়িত সন্দেহে গত শনিবার তুলসি চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করা হয়। তিনি শালগাড়িয়া মহল্লার নিয়ম ফুড লিমিটেডের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। ওই দিন সন্ধ্যায় হরিজন সম্প্রদায়ের লোকজন মহল্লার হাসপাতাল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরদিন রোববার সকালে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শহরে বিক্ষোভ ও তুলসি চন্দ্রের মৃতদেহ নিয়ে মিছিল করেন তাঁরা। ওই দিন জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। একই দাবিতে গত সোমবারও তাঁরা বিক্ষোভ শেষে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন।
জেলা হরিজন ঐক্য পরিষদের সভাপতি সুবল কুমার দাস প্রথম আলোকে বলেন, ‘আমরা হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছি। স্থানীয় সাংসদ গোলাম ফারুক বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের ডেকেছেন। আমরা সাংসদকে মান্য করি। তিনি যা বলবেন সে অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ নেব।’
তুলসি চন্দ্রের বাবা বিনদ কুমার দাস বলেন, ‘আমার নিরপরাধ ছেইলেকে হত্যা করা হয়েছে। চার দিন হয়ে গেলেও পুলিশ কাউকে ধরতে পারে নাই। আমি আসামিদের ধরার দাবি জানাই। ছেইলে হত্যার বিচার চাই।’
ঘটনার রাতে জেলা আওয়ামী লীগের সাবেক অর্থবিষয়ক সম্পাদক আবদুল হান্নান ও তাঁর ভাতিজা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ওরফে রুমন, রফিকুলের বাবা এ কে এম হাসান ও কারখানার মালিক রফিকুলের চাচা ফরহাদ হোসেনসহ ১১ জনকে আসামি করে মামলা করেন তুলসি চন্দ্রের বাবা। পুলিশ ওই রাতে এ কে এম হাসানকে গ্রেপ্তার করে।
এজাহারে বাদী বলেন, ঘটনার দিন সকালে আসামিরা সাইকেল চুরির অভিযোগে তাঁর ছেলের হাত-পা বেঁধে রড ও জিআই পাইপ দিয়ে বেদম মারধর করেন। খবর পেয়ে তিনি, তাঁর ভাই ও ভাগনে ঘটনাস্থলে গিয়ে সাইকেলের মূল্য ফেরত সাপেক্ষে ছেলেকে ছেড়ে দিতে বলেন। এ সময় ছাত্রলীগের নেতা রুমন (রফিকুল) তাঁদের পিস্তল উঁচিয়ে ভয় দেখিয়ে তাড়িয়ে দেন। পরে তাঁর ছেলে অসুস্থ হয়ে পড়লে বিকেলে তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি মারা যান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক বলেন, ঘটনার রাতেই পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করে। অন্যদের ধরতে অভিযান চালানো হচ্ছে।
ওসি আহসানুল হক বলেন, সুরতহাল প্রতিবেদনে নিহত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। ঘটনার তদন্ত চলছে।