বিচারের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় স্কুলছাত্র সাকিবকে অপহরণ ও হত্যার প্রতিবাদে এবং এই ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
গতকাল মঙ্গলবার সাকিবের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, ব্যবস্থাপনা কমিটির সদস্য, অভিভাবক ও স্থানীয় লোকজন উল্লাপাড়া উপজেলার মোহনপুর এলাকায় এসব কর্মসূচি পালন করে।
সাকিব মোহনপুর কে এম ইনস্টিটিউটের নবম শ্রেণিতে পড়ত। ১৫ এপ্রিল সাকিবকে অপহরণ করে একদল দুর্বৃত্ত। তার লাশ গত শুক্রবার গাজীপুর জেলার সাফারি পার্ক থেকে উদ্ধার করা হয়।
গতকাল বেলা ১১টায় মোহনপুর বিদ্যালয় চত্বরে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ হয়। এতে বক্তব্য দেন প্রধান শিক্ষক আবদুল হান্নান, কমিটির সদস্য শাহাদত হোসেন, জমসের আলী, সাকিবের বাবা গোলাম মোস্তফা, সহকারী শিক্ষক আবদুল আলীম, আবদুল হালিম প্রমুখ। পরে মিছিল শেষে তাঁরা মোহনপুর-তালগাছী সড়কে মানববন্ধন করেন।
সমাবেশে সাকিবের বাবা বলেন, ‘সাকিব আমাদের একমাত্র ছেলে। টাকার লোভে অপহরণকারীরা সাকিবকে হত্যা করে। আমি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের মাধ্যমে সবার ফাঁসি চাই।’
পুলিশ সূত্রে জানা গেছে, সাকিবকে ১৫ এপ্রিল তার বন্ধু রবিনের সহায়তায় অপহরণ করা হয়। এরপর মুক্তিপণ হিসেবে পরিবারটির কাছে ১৫ লাখ টাকা দাবি করে অপহরণকারীরা। পুলিশ এ ঘটনায় ১৬ এপ্রিল রবিনকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যানুযায়ী গাজীপুর থেকে ইমরান ও আরমান নামের দুই যুবককে গ্রেপ্তার করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী সাকিবের লাশ উদ্ধার করা হয়।