বরিশালে মুক্তিযোদ্ধা ও স্কুলশিক্ষক মো. জিন্নাত আলী হত্যার ঘটনায় করা মামলার বিচারের দাবিতে গতকাল বুধবারও বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে।হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আরিফুর রহমানের পরিবারের পক্ষ থেকে গতকাল বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের চেষ্টা করা হলে বিক্ষোভকারীদের বাধায় তা পণ্ড হয়। গতকাল সকাল ১০টায় নগরের অশ্বিনীকুমার হল চত্বরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আন্দোলন কমিটি অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ সমাবেশ করে।বাংলাদেশ মহিলা পরিষদ বরিশালের সভানেত্রী রাবেয়া খাতুনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মানবাধিকার জোটের সভাপতি সৈয়দ হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা ও গণসংগীত শিল্পী আক্কাস হোসেন প্রমুখ। সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়। পরে একই দাবিতে জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে স্মারকলিপি দেওয়া হয়। বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন এবং জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট বেলা ১১টায় মানববন্ধন করে।