বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ দলের একাংশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলামের হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। গতকাল সোমবার আওয়ামী লীগের স্থানীয় একাংশ এ কর্মসূচি পালন করে।
ওই হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া একাধিক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। স্বীকারোক্তিতে উপজেলা আওয়ামী লীগের শীর্ষ কয়েকজন নেতার এ হত্যায় জড়িত থাকার বিষয়টি বের হয়ে এসেছে। এরপর এই প্রথম আওয়ামী লীগের একাংশ ওই কর্মসূচির আয়োজন করে।
গতকাল দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে মিছিল বের করা হয়। এটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল হালিম, সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম তালুকদার, সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুর রাজ্জাক মিয়া ও আজাহারুল ইসলাম, অলোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি রহিজউদ্দিন আকন্দ প্রমুখ বক্তৃতা করেন। বক্তারা রকিবুল হত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগের নেতাদের দল থেকে বহিষ্কার ও গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান।
পুলিশ সূত্র জানায়, গত ৬ ডিসেম্বর সকালে নিজের গ্রাম ভাড়ই মধ্যপাড়ার একটি পুকুরপাড় থেকে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলামের গলা কাটা লাশ উদ্ধার করা হয়। ওই দিন তাঁর ভাই ফজলুল করিম থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন। পরে ফজলুল করিম ১৫ ডিসেম্বর টাঙ্গাইল বিচারিক হাকিমের আদালতে আরও একটি সম্পূরক মামলা করেন। এতে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক তাহেরুল ইসলাম, অন্য যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য আবদুল হামিদ ও অলোয়া ইউপির চেয়ারম্যান নুরুল ইসলাম সরকারসহ সাতজনের নাম উল্লেখ করা হয়। আদালত থানায় ও আদালতে করা মামলা দুটি একসঙ্গে তদন্তের আদেশ দেন। তদন্তের ভার দেওয়া হয় জেলা গোয়েন্দা পুলিশকে। গোয়েন্দা পুলিশ এ মামলায় জড়িত থাকার অভিযোগে ইউপি সদস্য মকবুল হোসেন এবং স্থানীয় মাইনুল হাসান, শওকত হোসেন ও নাসির উদ্দিনকে গ্রেপ্তার করে। তাঁরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে এ হত্যার সঙ্গে তাহেরুল ইসলাম, আবদুল হামিদ ও নুরুল ইসলাম সরকারের জড়িত থাকার বিষয়টি বের হয়ে আসে। তারপর থেকেই এই তিন নেতাসহ তাঁদের অন্তত ৫০ জন অনুসারী আত্মগোপন করেছেন।