বিচারের দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জে গুলিতে সাংবাদিক নিহত
সিরাজগঞ্জে গুলিতে সাংবাদিক নিহত

সমকাল-এর শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আবদুল হাকিম হত্যার প্রতিবাদে গতকাল সোমবারও দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। এসব সমাবেশ থেকে সাংবাদিক আবদুল হাকিম হত্যা মামলার এজাহারভুক্ত সব আসামিকে আইনের আওতায় এনে তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের খবর:
ঢাকার নবাবগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এবং ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকেরা। নেত্রকোনা শহরের নাজিরপুর মোড় এলাকায় দুর্গাপুর প্রেসক্লাবে গতকাল অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে সাংবাদিক ছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পটুয়াখালীতে সমকাল পত্রিকার পাঠক সংগঠন সুহৃদ সমাবেশের উদ্যোগে প্রেসক্লাব চত্বরে মানববন্ধন থেকে আবদুল হাকিম হত্যার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখা এবং হাকিমের পরিবারের পাশে থাকার শপথ নেওয়া হয়।

আবদুল হাকিম হত্যা ও দৈনিক কল্যাণ-এর শ্যামনগর প্রতিনিধি এস এম মিজানুর রহমান হত্যাচেষ্টার প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগর প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন হয়েছে। জেলার দেবহাটা রিপোর্টার্স ক্লাবও উপজেলা চত্বরে মানববন্ধন করেছে। বক্তারা দেশব্যাপী সাংবাদিক নির্যাতন বন্ধ ও তাঁদের নিরাপত্তায় আইন প্রণয়নের দাবি জানান।

চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন কর্মসূচিতে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা অংশ নেন। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কালো ব্যাজ ধারণ ও মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল হয়েছে।

গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে সাংবাদিকদের মানববন্ধনে সংহতি প্রকাশ করে ছাত্রলীগ এবং গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।

কিশোরগঞ্জের ভৈরব বাসস্ট্যান্ডের ‘দুর্জয় ভৈরব’ চত্বরে মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। স্থানীয় দৈনিক পূর্বকন্ঠ পত্রিকা এ কর্মসূচি আয়োজন করে।

নীলফামারীর ডিমলা শহরের স্মৃতি অম্লান চত্বরে ডিমলা প্রেসক্লাব ও অনলাইন প্রেসক্লাবের ব্যানারে মানববন্ধনে অংশ নেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা।