আইনজীবীদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন করে দোষী ব্যক্তিদের বিচারের দাবিতে আজ মঙ্গল ও আগামীকাল বুধবার গণস্বাক্ষর সংগ্রহ এবং বৃহস্পতিবার মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। গতকাল সোমবার সমিতির দক্ষিণ হলে এক সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়। বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচির প্রথম দিনে গত ২৯ ডিসেম্বর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিরোধী দল-সমর্থক আইনজীবীদের ওপর হামলা চালান আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। ওই হামলায় বিরোধী দল-সমর্থক দুই নারী আইনজীবী আহত হন।
আইনজীবীদের ওপর এই হামলার প্রতিবাদে ২ জানুয়ারি প্রতীকী অনশন কর্মসূচি পালিত হয় এবং ওই হামলার ঘটনায় ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত কমিটি গঠন করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে বিচারের কার্যক্রম শুরুর দাবি জানানো হয়। এর ধারাবাহিকতায় গতকাল সমিতির সভাপতি এ জে মোহাম্মদ আলী নতুন কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, ‘তদন্ত করে দোষীদের বিচার কার্যক্রমের ব্যবস্থা নেওয়ার দাবি করেছিলাম। লক্ষ করছি, প্রধান বিচারপতি এ বিষয়ে কোনো পদক্ষেপ নেননি।’