কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজের ইতিহাস দ্বিতীয় বর্ষের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান (তনু) হত্যাকারীদের বিচারের দাবিতে চট্টগ্রাম নগরে মশাল মিছিল ও মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন।
গতকাল সোমবার সন্ধ্যায় মশাল মিছিল করে ‘যৌন নিপীড়নবিরোধী তরুণ মঞ্চ’ নামের একটি সংগঠন। এই সংগঠনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অগ্রদূত পাঠাগার। চট্টগ্রাম প্রেসক্লাব থেকে শুরু হওয়া এই মশাল মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে এসে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা শহীদ মিনারের সামনে সোহাগী জাহান স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।
মিছিল শুরুর আগে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, এখনো পর্যন্ত হত্যাকাণ্ডের তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। হত্যাকারীদের অবশ্যই চিহ্নিত ও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
সমাবেশে বক্তব্য দেন মঞ্চের সমন্বয়ক ফরহাদ জামান, সংগঠক স্বাক্ষর শুভ, শওকত আলী ও কামাল হোসেন প্রমুখ।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের চট্টগ্রাম কলেজ ও হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখা গতকাল সকালে হাজী মুহাম্মদ মহসিন কলেজের সামনে সোহাগী হত্যার প্রতিবাদে এবং দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে। এতে বক্তব্য দেন আয়েন উদ্দিন, দীপা মজুমদার, আকাশ বড়ুয়া প্রমুখ।
এ ছাড়া গতকাল সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে চিটাগাং ইডেন ক্লাব নামের একটি সংগঠন একই দাবিতে মানববন্ধন করেছে।