বিচারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্বৃত্তদের গুলিতে নিহত সাবেক সেনাসদস্য সতীন্দ্রলাল ত্রিপুরার খুনের বিচারের দাবিতে গতকাল রোববার সকালে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে মানববন্ধন হয়েছে। হত্যাকাণ্ডের এক সপ্তাহের পরও খুনিদের শনাক্ত করতে না পারায় মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করা হয়।
গত ১৬ মে খাগড়াছড়ি সদরের ধর্মঘর এলাকায় দুর্বৃত্তরা গুলি করে অবসরপ্রাপ্ত সার্জেন্ট সতীন্দ্রলাল ত্রিপুরাকে হত্যা করে।
মানববন্ধনে বক্তব্য দেন পেরছড়া ইউনিয়ন পরিষদের সদস্য সুকমল ত্রিপুরা, সমাজকর্মী বিপ্লব ত্রিপুরা ও দয়াল কুমার দেওয়ান।
বক্তারা বলেন, এই এলাকায় বিভিন্ন সময়ে চারজনকে অপহরণ করে হত্যা করা হয়েছে। এসব হত্যারও কোনো বিচার হয়নি। একের পর এক হত্যার পরও খুনিরা ধরা না পড়ায় মানুষ চরম আতঙ্কের দিন কাটাচ্ছে।
বক্তারা সতীন্দ্রলাল ত্রিপুরার পরিবারকে প্রয়োজনীয় সহায়তা ও সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। মানববন্ধন শেষে সুকমল ত্রিপুরার নেতৃত্বে একটি প্রতিনিধিদল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোল্লা মিজানুর রহমান স্মারকলিপি গ্রহণ করেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুদ্দিন ভূঁইয়া বলেন, মামলার তদন্ত অব্যাহত রেখেছে।