বিচারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় শিশু রাসেল হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে নিহত ব্যক্তির স্বজনেরা। এসব কর্মসূচিতে এলাকাবাসী ও স্থানীয় ‘জামির্তা জনকল্যাণ অ্যাসোসিয়েশন’ নামের একটি সামাজিক সংগঠনও অংশ নেয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে বেলা একটার দিকে একই দাবিতে তাঁরা উপজেলা সদরের কয়েকটি সড়কে বিক্ষোভ মিছিল করে। পরে উপজেলা চত্বরে সমাবেশে বক্তব্য দেন রাসেলের মা রেনু আক্তার, নানি খোদেজা খাতুন, নানা (মায়ের মামা) ফরিদ হোসেন, জামির্তা জনকল্যাণ অ্যাসোসিয়েশনের সভাপতি মুকতার হোসেন, স্থানীয় নাগরিক মনির হোসেন ও আবু বকর সিদ্দিক। সমাবেশে বক্তারা রাসেল হত্যাকাণ্ডের বিচার দ্রুতবিচার ট্রাইব্যুনালে করার দাবি জানান।১৬ ডিসেম্বর দুপুরে বাড়ি থেকে দোকানে যাওয়ার পথে উপজেলার জামির্তা ইউনিয়নের দরিরাজনগর গ্রামের আফজাল হোসেনের ছেলে রাসেল (৮) অপহূত হয়। ১৮ ডিসেম্বর দুপুরে পরিবারের সদস্যদের কাছে মুঠোফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। ওই দিন বিকেলে স্থানীয় চরচান্দহর গ্রাম থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। মামলায় উপজেলার জয়মন্টপ ইউনিয়নের চররাজনগর গ্রামের আবদুর রাজ্জাক মোল্লা, তাঁর স্ত্রী নূরজাহান বেগম (৪৫) ও মেয়ে রুপালী আক্তারকে (২০) আসামি করা হয়। ২২ ডিসেম্বর রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়াই গ্রাম থেকে নূরজাহান ও রুপালীকে গ্রেপ্তার করে পুলিশ। সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী জানান, হেফাজতে নেওয়ার পর ওই দুই আসামি রাসেল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।