বিচারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলায় পৃথক স্থানে গত সোমবার আড়াই ঘণ্টার ব্যবধানে দুই শিশু ধর্ষিত ও ধর্ষিত এক শিশুর বাবাকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় দায়ীদের বিচারের দাবিতে গতকাল বুধবার মানববন্ধন করেছেন শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকেরা। উপজেলার দক্ষিণ টেপুড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রায় এক ঘণ্টা ধরে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এলাকাবাসী জানান, গত সোমবার দক্ষিণ টেপুড়া গ্রামের প্রথম শ্রেণির ছাত্রী এক শিশুকে (৭) প্রতিবেশী বখাটে হাসান (২২) ধর্ষণ করেন। শিশুটি বর্তমানে পটুয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে। এর আড়াই ঘণ্টা পর উপজেলার রায়বালা গ্রামে দ্বিতীয় শ্রেণির ছাত্রী অন্য এক শিশুকে ধর্ষণ করেন হাসান (২৫) নামের এক বখাটে। পরে ওই শিশুর বাবা ধর্ষণের বিষয়টি জিজ্ঞেস করলে তাঁকে হাসান ও তাঁর সহযোগী সবুজ, সাদ্দামসহ কয়েকজন পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই দুটি ঘটনায় দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল সকাল ১০টায় দক্ষিণ টেপুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলাম, সহসভাপতি আল মামুন, প্রধান শিক্ষক অনিমা রানি, সহকারী শিক্ষক তহসিল আকন; পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ইলিয়াস, জুলহাস, রিয়ামনি, সুখী, রিক্তি; চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সুমন ও ময়না।
প্রথম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলার তদন্ত কর্মকর্তা আমতলী থানার উপপরিদর্শক (এসআই) বশির উদ্দিন জানান, ওই শিশুর পরনের রক্তমাখা জামা ও প্যান্ট জব্দ করা হয়েছে এবং অসুস্থ শিশুটির সঙ্গে কথা বলে ধর্ষণের বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তবে আসামিদের গ্রেপ্তার করা যায়নি। গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।