
নারায়ণগঞ্জে তরুণ নাট্যকার দিদারুল ইসলাম চঞ্চল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। হত্যাকাণ্ডের পাঁচ বছর পূর্তিতে গতকাল বুধবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত চঞ্চল স্মৃতি সংসদ এ কর্মসূচি পালন করে।
নগরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তারা ৫ বছরেও দিদারুল হত্যার বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন।
মানববন্ধন চলাকালে দিদারুলের মামা শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, ছড়াকার আহম্মেদ বাবলু, চঞ্চল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ওসমান গনি প্রমুখ।
বক্তারা বলেন, দিদারুলকে হত্যার পর ৫ বছর পেরিয়ে গেলেও প্রশাসন এখনো খুনিদের চিহ্নিত এবং খুনের রহস্য উদ্ঘাটন করতে পারেনি। যে তরুণ অল্প বয়সেই নাট্যজগতে মেধার স্বাক্ষর রেখেছেন, তাঁকে অজ্ঞাতপরিচয় হিসেবে শীতলক্ষ্যার বুকে ভাসতে হয়েছে—এর চেয়ে দুঃখের আর কী হতে পারে। প্রতিবাদ না করার মানে প্রতিরোধ না করা নয়। একটি হত্যার বিচার না হওয়াতে নারায়ণগঞ্জে ত্বকী, মিঠু, ভুলুর মতো আরও অনেককে পরবর্তী সময়ে প্রাণ দিতে হয়েছে।
নিহত দিদারুলের বড় ভাই জোবায়ের ইসলাম বলেন, ‘গত ৫ বছরে ভাই হত্যার বিচার চেয়ে অনেক মিছিল করেছি, স্মারকলিপি দিয়েছি। কিন্তু আমরা বিচার পাচ্ছি না। হত্যার ঘটনায় অনেককেই সন্দেহ করে আসছি। তারপরও প্রশাসন কিছুই করতে পারেনি। তারপরও আমরা আশাবাদী।’
দিদারুলের মা খালেদা আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমি ছেলে হত্যার বিচার চাই। আমার সহজ-সরল ছেলেটাকে খুন করা হলো আর প্রশাসন নীরব থাকল। আমি প্রশাসনের কাছে দাবি জানিয়ে বলছি, তারা যেন ঘাতকদের চিহ্নিত করে আইনের আওতায় আনে।’
২০১২ সালের ১৬ জুলাই গভীর রাতে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন দিদারুল। এর দুই দিন পর শীতলক্ষ্যা নদীর বন্দর উপজেলার শান্তিনগর এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। বর্তমানে মামলাটি সিআইডি তদন্ত করছে।