ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে ছাত্রীহলে ঢুকে শিক্ষিকা কর্তৃক ছাত্রী নির্যাতনের ঘটনার প্রতিবাদে ও এর সুষ্ঠু বিচার চেয়ে গতকাল বৃহস্পতিবার শিক্ষার্থীরা ক্যাম্পাসে মানববন্ধন করেছেন।এদিকে ঘটনার তদন্তে গঠিত কমিটি এখনো কাজ শুরু করেনি বলে জানা গেছে। এমনকি কমিটির কেউ কেউ জানেনই না, তিনি তদন্ত কমিটিতে আছেন।গতকাল দুপুর ১২টার দিকে ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনের সামনের রাস্তায় মানববন্ধন করেন। শেষ পর্যায়ে ছাত্ররাও এসে ছাত্রীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।দুপুর সাড়ে ১২টার দিকে মানববন্ধন শেষে ছাত্রীরা গ্রন্থাগারসংলগ্ন বকুলতলায় সংক্ষিপ্ত সমাবেশ করেন। এতে বক্তব্য দেন নির্যাতনের শিকার ছাত্রী নিলুফার ইয়াসমিন চৌধুরী, শামীমা নাসরিন, তাহমিনা সুলতানা, যুথী প্রমুখ। তাঁরা বলেন, ছাত্রলীগের সাবেক নেত্রী ও বর্তমানে বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের শিক্ষিকা আলেয়া ফেরদৌসীর নেতৃত্বে ৭ জুলাই রাতে ছাত্রলীগের তিন ছাত্রী-ক্যাডার মুন, চৈতী ও লিজা ছাত্রীহলে নির্যাতন চালিয়েছেন। ঘটনার ২০ দিনেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। উপরন্তু কিছু শিক্ষক অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার জন্য তাঁদের চাপ ও হুমকি-ধমকি দিচ্ছেন।বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, ছাত্রীহলের ওই ঘটনার পরিপ্রেক্ষিতে ২১ জুলাই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। কোনো সময় উল্লেখ না করে কমিটিকে শিগগির তদন্ত প্রতিবেদন দাখিল ও যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান রেজিস্ট্রার। খোঁজ নিয়ে জানা গেছে, কমিটি এখনো তাদের কার্যক্রম শুরু করেনি। এমনকি কমিটির কেউ কেউ জানেনই না, তিনি তদন্ত কমিটিতে আছেন। তদন্ত কমিটির সদস্য-সচিব করা হয়েছে ভেটেরিনারি অনুষদের শাখা কর্মকর্তা আফরোজা রহিমকে। গতকাল বেলা দেড়টার দিকে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি যে কমিটিতে আছি, জানিই না। আপনি জানলেন কী করে?’তদন্ত কমিটির প্রধান অ্যাকোয়াকালচার বিভাগের অধ্যাপক মো. মোহসীন আলী বলেন, ‘কমিটি হয়েছে—এ মর্মে কাগজ পেয়েছি। ব্যস্ততার কারণে এ ব্যাপারে বসতে পারছি না। দেখি, রমজান মাসে একবার বসা যায় কি না।’বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আবু হাদি নূর আলী খান বলেন, ‘শিক্ষক-শিক্ষিকা বা ছাত্রছাত্রী বলে কোনো ভেদাভেদ নেই। তদন্ত সাপেক্ষে কেউ দোষী সাব্যস্ত হলে প্রচলিত নিয়মে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’