বরিশাল জিলা স্কুলের দশম শ্রেণীর ছাত্র শামির রাফির হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল মঙ্গলবার নগরের বাংলাবাজার এলাকায় আয়োজিত ওই কর্মসূচিতে নিহত ছাত্রের পরিবার, আত্মীয়স্বজন, সহপাঠীসহ স্থানীয় ব্যবসায়ীরা অংশ নেন।এদিকে শামির রাফির হত্যা মামলার আসামি দুই সহোদর রিফাত (৩০) ও রিসাদের (২৮) বিরুদ্ধে চুরি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ পাওয়া গেছে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা বলেন, মহানগর জাতীয় পার্টির সহসভাপতি রফিকুল ইসলাম ও তাঁর স্ত্রীর প্রশ্রয়ে তাঁদের দুই ছেলে রিফাত ও রিসাদ বখাটে বনে যান। মারামারি, চুরি ও ছিনতাইয়ের ঘটনায় একাধিকবার তাঁদের সন্তানের বিষয়ে অভিযোগ করা হলে তাঁরা উল্টো অভিযোগকারীদের ধমকাতেন।বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মো. শাখাওয়াত হোসেন বলেন, ওই দুই সহোদরের বিরুদ্ধে চুরি ও মোটরসাইকেল ছিনতাইসহ নানা অভিযোগ রয়েছে। তবে অস্ত্র মামলা হয়েছিল কি না তা তিনি জানাতে পারেননি। প্রসঙ্গত, গত শনিবার বিকেলে শামির রাফি তার বন্ধুদের সঙ্গে শেরেবাংলা মেডিকেল কলেজ ছাত্রাবাসের মাঠে ক্রিকেট খেলার সময় রিশাদ ও রিফাতের বাগিবতণ্ডা হয়। এ ঘটনার জের ধরে সন্ধ্যায় খুন হয় শামির।