বিচারের দাবিতে মানববন্ধন ও কালো ব্যাজ ধারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ বাজারে ব্যবসায়ী দেবেশ চন্দ্র প্রামাণিক (৬৮) হত্যার বিচারের দাবিতে গতকাল সোমবার মানববন্ধন ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালিত হয়েছে। মহিমাগঞ্জ বণিক সমিতির ডাকে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।
এক কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার দুই হাজারের বেশি মানুষ অংশ নেয়। এতে নিহত ব্যক্তির স্ত্রী আনন্দ রানী প্রামাণিক, একমাত্র ছেলে ও চার মেয়েও যোগ দেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবদুল লতিফ প্রধান, মহিমাগঞ্জ বণিক সমিতির সভাপতি আবু রায়হান চৌধুরী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্য গণেশ চন্দ্র সেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুন্সী রেজওয়ানুর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, মহিমাগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জিয়াউল হক, রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল মতিন, মহিমাগঞ্জ চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।
বক্তারা বলেন, ক্ষুদ্র ব্যবসায়ী দেবেশ চন্দ্র প্রামাণিককে হত্যার ঘটনার পাঁচ দিন পেরিয়ে যাচ্ছে। কিন্তু পুলিশ এর রহস্য উদ্ঘাটন করতে পারেনি। ফলে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আগামী এক মাসের মধ্যে হত্যার রহস্য উদ্ঘাটন করে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে হবে। না হলে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
বক্তৃতাকালে নিহত ব্যক্তির ছোট ভাই স্বদেশ চন্দ্র প্রামাণিক বলেন, ‘আমার ভাই সাদাসিধে মানুষ ছিলেন। তিনি রাজনীতি করতেন না। দিনরাত ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতেন। তাঁকে কেন হত্যা করা হলো? হত্যাকারীদের খুঁজে বের করে এমন শাস্তি দেওয়া হোক, যাতে আমার মতো আর কাউকে ভাই হারাতে না হয়।’
গত বুধবার ভোর ছয়টার দিকে দেবেশ চন্দ্র প্রামাণিক বাড়ির পাশে মহিমাগঞ্জ বাজারে তাঁর জুতার দোকানে খুন হন। ওই দিনই নিহত ব্যক্তির স্ত্রী আনন্দ রানী বাদী হয়ে মহিমাগঞ্জ গ্রামের নিপেন চন্দ্রসহ (২৪) অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন। বুধবারই পুলিশ নিপেন চন্দ্রকে গ্রেপ্তার করে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।