দুই পরিচ্ছন্নতাকর্মী হত্যার বিচার এবং নিজেদের নিরাপত্তার দাবিতে ফরিদপুরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে হরিজন সম্প্রদায় ও পৌরসভা কর্মকর্তা-কর্মচারী পরিষদ।
গতকাল রোববার সকাল ১০টার দিকে ফরিদপুর পৌরসভার সামনে মুজিব সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে এক সভায় বক্তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরিচ্ছন্নতাকর্মীরা গতকাল সারা দিন কর্মবিরতি পালন করেন।
সভায় খুনিদের গ্রেপ্তারের জন্য নতুন করে আরও ৭২ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়। পৌর মেয়র শেখ মাহতাব আলী বলেন, এই সময়ের মধ্যে প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। এর আগে গত শুক্রবার ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছিল। গতকাল সকাল ১০টায় সেই সময় শেষ হয়ে যায়। পরে হরিজন সম্প্রদায় এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ মিছিলসহ জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. কামরুজ্জামানের কাছে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। স্মারকলিপিতে পরিচ্ছন্নতাকর্মীরা রাতে কাজ করার সময় তাঁদের নিরাপত্তাহীনতার কথা জানান।
সভায় বক্তব্য দেন পৌরসভার মেয়র শেখ মাহতাব আলী, নিহত মানিক জমাদারের বাবা কিশোর জমাদার, জেলা হরিজন ঐক্য পরিষদের সভাপতি রিপন জমাদার, মুসলিম সুইপার কলোনির সভাপতি রফিকুল ইসলাম, পৌরসভা কর্মচারী ইউনিয়নের সভাপতি ফরহাদ হোসেন বিশ্বাস, সাধারণ সম্পাদক ফজলুল করিম, কাউন্সিলর শামসুল আরেফিন, মাহফুজুর রহমান, এনজিও নেতা আসমা আক্তার প্রমুখ।