মাদারীপুরের কালকিনি উপজেলায় নবগ্রাম গ্রামের নির্মল মণ্ডলের মেয়ে স্কুলছাত্রী নিতু মণ্ডল হত্যার বিচারের দাবিতে গতকাল বুধবার শরীয়তপুর ও মাদারীপুরের বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এ ছাড়া নিতু হত্যায় অভিযুক্ত মিলন মণ্ডলকে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে।
শরীয়তপুর সরকারি কলেজের সামনে গতকাল বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ ছাড়া সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কালকিনি উপজেলার শশিকর উচ্চবিদ্যালয়, শিকার মঙ্গল উচ্চবিদ্যালয়, শশিকর বালিকা উচ্চবিদ্যালয় ও শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এসব মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। নিতু হত্যায় অভিযুক্ত মিলনের বিচার দাবি করা হয় মানববন্ধন থেকে।
মানববন্ধনে শশিকর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ চন্দ্র কর বলেন, ‘নিতুর হত্যাকাণ্ডটি শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে উৎকণ্ঠা তৈরি করেছে। অভিযুক্ত মিলনের দৃষ্টান্তমূলক সাজার দাবি করছি। তাহলেই সবার মাঝে স্বস্তি ফিরে আসবে।’
শশিকর বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী লিমা বাড়ৈ বলে, এখন শুধু একটাই দাবি, ‘নিতুর হত্যাকারী মিলন মণ্ডলের সাজা। সন্ত্রাসীরা নিতু হত্যাকারীর বিচার দেখে শিক্ষা নেবে, যাতে করে এ ধরনের ঘটনা ঘটাতে আর কেউ সাহস না পায়।’
সৈয়দ আবুল হোসেন কলেজের অধ্যক্ষ মো. খালেকুজ্জামান গতকাল প্রথম আলোককে বলেন, ‘নিতুকে হত্যার ঘটনা আমাদের আতঙ্কিত করেছে। আমরা চাই অপরাধীর দ্রুত শাস্তি হোক। এটা দুর্ভাগ্যজনক যে অভিযুক্ত মিলন আমাদের প্রতিষ্ঠানের ছাত্র। সে আমাদের প্রতিষ্ঠানকে কলঙ্কিত করেছে।’ ব্যবস্থাপনা কমিটির সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী মিলনকে গত মঙ্গলবার প্রতিষ্ঠান থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
গত রোববার বিদ্যালয়ে যাওয়ার পথে নবগ্রাম উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্রী নিতুকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। হত্যার পর পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী মিলনকে আটক করে। মিলন মাদারীপুর মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারকের কাছে নিতুকে হত্যা করার কথা স্বীকার করছেন।