বিচারের দাবিতে মানববন্ধন সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের উজিরপুর উপজেলার হস্তিশুন্ড গ্রামের আট মাসের শিশু মরিয়ম আক্তারকে হত্যার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে গতকাল সোমবার এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সানুহার-ধামুড়া সড়কের ঈদগাহ ময়দান বাসস্ট্যান্ডে মানববন্ধন করা হয়। এতে হস্তিশুন্ড গ্রামের লোকজন ছাড়াও আশপাশের কয়েকটি গ্রামের শত শত লোক অংশ নেন। মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বামরাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গৌরাঙ্গ লাল কর্মকার। আরও বক্তব্য দেন স্থানীয় ইউপি সদস্য বাবুল হোসেন, সংরক্ষিত নারী সদস্য নিলুফা বেগম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হারিছ ব্যাপারী প্রমুখ।
সমাবেশে মরিয়মের পরিবারের সদস্যরা বলেন, ১৯ আগস্ট মরিয়মকে নিয়ে তার মা ফাতেমা ঘরের পেছনের বারান্দায় ঘুমাচ্ছিলেন। রাত আড়াইটার দিকে ঘুম ভেঙে গেলে ফাতেমা মেয়েকে তাঁর পাশে দেখতে না পেয়ে চিৎকার দেন। শিশুটিকে না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরদিন ভোরে বসতঘরের পাশের পুকুর থেকে মরিয়মের লাশ উদ্ধার করে পুলিশ।