
টাঙ্গাইলের রসুলপুরের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক অনিল কুমার দাস ও তাঁর স্ত্রী কল্পনা রানী দাসের খুনিদের বিচারের দাবিতে গতকাল শনিবার দুপুরে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন। গতকাল শনিবার এ কর্মসূচি পালন করেন তাঁরা। সমাবেশ থেকে আগামী সাত দিনের মধ্যে খুনিদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানানো হয়। এদিকে জিজ্ঞাসাবাদের জন্য নিহত অনিল কুমারের দুই ভাইকে আটক করেছে পুলিশ।
স্থানীয় রসুলপুর বাছিরন নেছা উচ্চবিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দানেশ মেমোরিয়াল কিন্ডারগার্টেনের শিক্ষার্থী-শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য, নবপ্রজন্ম সাহিত্য গোষ্ঠীর সদস্যসহ সর্বস্তরের এলাকাবাসী বিদ্যালয়ের সামনে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে মানববন্ধন করেন।
প্রায় আধা ঘণ্টার মানববন্ধন শেষে রসুলপুর শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে গালা ইউপির চেয়ারম্যান রাজকুমার সরকার, সাবেক চেয়ারম্যান আতোয়ার রহমান ও ফজলুল হক, জেজেএসের নির্বাহী পরিচালক আবুল হাশেম, রসুলপুর বাছিরন নেছা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল মান্নান সরকার, মুক্তিযোদ্ধা আলী হোসেন, জাতীয় হিন্দু মহাজোট টাঙ্গাইল জেলা শাখার নেতা অলক কুমার দাস প্রমুখ বক্তব্য দেন।
সমাবেশে টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক ভূঁইয়া উপস্থিত হয়ে দ্রুততম সময়ের মধ্যে হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের আশ্বাস দেন।
এদিকে গত শুক্রবার দুপুরে নিহত অনিল-কল্পনা দম্পতির ছেলে নির্মল চন্দ্র দাস বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে টাঙ্গাইল সদর থানায় মামলা করেছেন। পুলিশ গত শুক্রবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য অনিল কুমারের বৈমাত্রেয় ভাই রতন চন্দ্র দাস ও স্বপন সৌমিত্রকে আটক করেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁদের জিজ্ঞাসাবাদ চলছিল বলে সদর থানার ওসি জানিয়েছেন।
টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের রসুলপুরে সেফটিক ট্যাংক থেকে গত বৃহস্পতিবার রসুলপুর বাছিরন নেছা উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অনিল কুমার দাস (৬৮) ও তাঁর স্ত্রী কল্পনা দাসের (৬০) লাশ উদ্ধার করে পুলিশ।