বিচারের দাবিতে মায়ের অনশন চলছে

ছাত্রলীগের কেন্দ্রীয় সহসম্পাদক দিয়াজ ইরফানের হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে ষষ্ঠ দিনের মতো অনশন অব্যাহত রেখেছেন মা জাহেদা আমিন চৌধুরী। টানা অনশনে অসুস্থ হয়ে গতকাল শুক্রবার থেকে ভর্তি আছেন একটি বেসরকারি হাসপাতালে। সেখানেও তাঁর অনশন চলছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শিরীণ আখতার আজ শনিবার দুপুরে হাসপাতালে গিয়ে দিয়াজের মায়ের অনশন ভাঙানোর চেষ্টা করেন। তবে হত্যাকারীদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছেন তিনি। আজ দুপুরে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন দিয়াজের বড় বোন জুবাঈদা ছরওয়ার চৌধুরী।
দিয়াজের মাকে দেখতে ও অনশন ভাঙাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শিরীণ আখতার ছাড়াও হাসপাতালে যান চট্টগ্রাম বারের সভাপতি রতন কুমার রায়, সাবেক সাধারণ সম্পাদক ইফতেখার সাইমুম চৌধুরী, সদস্য জাফর ইকবাল প্রমুখ। হাসপাতালে গিয়ে শিরীণ আখতার দিয়াজের মাকে বলেন, ‘আমি একজন মা হিসেবে আরেকজন মাকে দেখতে এখানে এসেছি।’
গত বছরের ২০ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর এলাকায় একটি ভবনের দ্বিতীয় তলার ভাড়া বাসা থেকে দিয়াজ ইরফান চৌধুরীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ছেলেকে হত্যা করা হয়েছে, এমন অভিযোগে গত বছরের ২৪ নভেম্বর দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী বাদী হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু (বর্তমানে স্থগিত কমিটি), সাবেক সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরীসহ ১০ জনকে আসামি করে আদালতে মামলা করেন।
দিয়াজের বোন জুবাঈদা ছরওয়ার চৌধুরী আজ দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘গত সোমবার থেকে অনশনে মায়ের অবস্থা সংকটাপন্ন। শিগগিরই অনশন না ভাঙানো হলে বড় ধরনের শারীরিক ক্ষতি হয়ে যাবে। চিকিৎসকেরা ও আমরা অনেক চেষ্টা করেও কিছু খাওয়াতে পারছি না। তিনি শুধু বলছেন, ছেলের হত্যাকারীরা গ্রেপ্তার না হলে কিছু খাবেন না।’
গত সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বঙ্গবন্ধু চত্বরে অনশন শুরু করেন জাহেদা আমিন। পেছনে টাঙানো ব্যানারে দিয়াজের হত্যাকাণ্ডের বিচার দাবি করা হয়।
দিয়াজের মরদেহের প্রথম ময়নাতদন্ত হয় গত বছরের ২১ নভেম্বর। ২৩ নভেম্বর পুলিশ জানায়, দিয়াজকে হত্যা করা হয়েছে, এমন আলামত ময়নাতদন্ত প্রতিবেদনে মেলেনি। ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করে দিয়াজের পরিবারসহ ছাত্রলীগের একটি অংশ। পরে গত বছরের ৬ ডিসেম্বর লাশ কবর থেকে তুলে পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দেন আদালত। ১১ ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক বিভাগে লাশের দ্বিতীয় ময়নাতদন্ত হয়। ময়নাতদন্ত প্রতিবেদনটি চলতি বছরের ২ আগস্ট মামলার তৎকালীন তদন্ত কর্মকর্তা সিআইডি চট্টগ্রাম অঞ্চলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির সরকারের হাতে এসে পৌঁছায়। প্রতিবেদনে বলা হয়, দিয়াজকে শ্বাসরোধ করে হত্যার আলামত পাওয়া গেছে। পরে দিয়াজের মায়ের করা মামলাটি এজাহার হিসেবে নিতে চলতি বছরের ২৩ অক্টোবর হাটহাজারী থানার পুলিশকে নির্দেশ দেন আদালত।