ময়মনসিংহের ভালুকায় সপরিবারে শ্রমিক দলের নেতা নিহত হওয়ার ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা গতকাল শনিবার মানববন্ধন করেছে। দুর্বৃত্তদের হাতে নিহত জিনিয়া (৬) ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
এলাকাবাসী জানান, গতকাল দুপুরে নক্ষত্র ইন্টারন্যাশনাল প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী উপজেলার হবিরবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মানববন্ধন করে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা শিক্ষার্থী জিনিয়াসহ তার পরিবারের সব সদস্যের হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানায়।
পুলিশ জানায়, ১৫ ডিসেম্বর দিবাগত রাতে হবিরবাড়ী ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ওরফে বাচ্চু (৩০), তাঁর স্ত্রী পারুল আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং দুই মেয়ে জিনিয়া (৬) ও রিভাকে (২) শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় ১৬ ডিসেম্বর রাতে নিহত রফিকুলের বাবা ওয়ারেছ উদ্দিন বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি মামলা করেন। ১৭ ডিসেম্বর মামলাটি তদন্তের জন্য জেলা গোয়েন্দা পুলিশে (ডিবি) স্থানান্তর করা হয়। ডিবি ও ভালুকা থানার পুলিশ ভালুকা ও নেত্রকোনার পূর্বধলা উপজেলায় অভিযান চালিয়ে সন্দেহভাজন ছয়জনকে গ্রেপ্তার করে।