বিচারের দাবিতে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউপি নির্বাচনে সহিংসতায় মাদারীপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্র সুজন মৃধা নিহত হওয়ার প্রতিবাদে গতকাল বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের শিক্ষার্থীরা প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করেন l ছবি: প্রথম আলো
ইউপি নির্বাচনে সহিংসতায় মাদারীপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্র সুজন মৃধা নিহত হওয়ার প্রতিবাদে গতকাল বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের শিক্ষার্থীরা প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করেন l ছবি: প্রথম আলো

নির্বাচনী সহিংসতায় মাদারীপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সুজন মৃধা নিহত হওয়ার প্রতিবাদে এবং এ ঘটনার বিচারের দাবিতে গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের শিক্ষার্থীরা। বেলা একটা থেকে দুইটা পর্যন্ত এ অবরোধ চলে।
‘সুজনের রক্ত বৃথা যেতে দেব না’, ‘সুজনের নামে মিথ্যা অভিযোগ মানি না, মানব না’সহ বিভিন্ন লেখা-সংবলিত প্ল্যাকার্ড নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী অবরোধে অংশ নেন। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দেন। অবরোধের একপর্যায়ে প্রেসক্লাবের সামনের এক পাশের সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়।
সুজনের সহপাঠী আবদুল কাদের, যিনি সুজনের গ্রামের বাড়ি মাদারীপুরে গিয়ে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে এসেছেন, অবরোধকারী শিক্ষার্থীদের মধ্যে তিনিও ছিলেন। এ সময় তিনি প্রথম আলোকে বলেন, সুজনের দাদা ইউপি সদস্য পদপ্রার্থী ছিলেন। প্রথমে তাঁকে বিজয়ী ঘোষণা করা হয়। তবে কিছুক্ষণের মধ্যেই আরেকজনকে বিজয়ী ঘোষণা করা হয়। বিষয়টি জানতে সুজনসহ অন্যরা ভোটকেন্দ্রে গিয়েছিলেন। তখন পুলিশের সঙ্গে সুজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পুলিশ গুলি করলে সুজন গলায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
সুজনের আরেক সহপাঠী আহনাফ রাশীদ বলেন, সুজন ব্যালট চুরি করেনি। কোনো রকম তদন্ত ছাড়া পুলিশ এটা বলতে পারে না। সহপাঠী তানভীর হোসেন বলেন, ‘সুজনের বিষয়ে এখনো কোনো তদন্ত করা হয়নি। যত দিন বিচার না পাব, সত্য না জানানো হবে, তত দিন আন্দোলন চালিয়ে যাব।’

সুজন মৃধা
সুজন মৃধা

গত ৩১ মার্চ মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গণনার সময় সহিংসতায় সুজন মৃধা নিহত হন। তিনি ওই ইউনিয়নের দক্ষিণ বিরাঙ্গল গ্রামের বাচ্চু মৃধার ছেলে। তাঁর দাদা মোতালেব মৃধা ওই ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য পদে প্রার্থী থাকায় ভোট দিতে সুজন গ্রামে গিয়েছিলেন।
আমাদের শরীয়তপুর প্রতিনিধি জানান, সুজন মৃধা নিহত হওয়ার ঘটনায় অজ্ঞাত ২৫০ ব্যক্তিকে আসামি করে মামলা করেছে পুলিশ। মাদারীপুর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক এনামুল হক মণ্ডল বাদী হয়ে গত শনিবার রাতে মাদারীপুর সদর থানায় মামলাটি করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের দক্ষিণ বিরাঙ্গল মাদ্রাসা কেন্দ্রের নির্বাচনের ফলাফল ঘোষণা নিয়ে ইউপি সদস্য প্রার্থী মোতালেব মৃধা ও আয়ুব আলীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় গোলাগুলির ঘটনা ঘটে। অজ্ঞাত ব্যক্তিদের গুলিতে সুজন মৃধা মারা যান।
জানতে চাইলে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক এনামুল হক মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘ওই দিন পুলিশ কোনো গুলি ছোড়েনি। দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাদের গুলিতেই ছেলেটির মৃত্যু হতে পারে। পরিবারের পক্ষ থেকে মামলা না করায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে মামলা করেছি।’