চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের সংঘর্ষে দুই ছাত্র খুন হওয়ার ঘটনায় নিরপেক্ষ তদন্ত, বিচার এবং অবিলম্বে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে স্বাধীনতা, গণতন্ত্র, ধর্মীয় মূল্যবোধ ও বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে উজ্জীবিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ (সাদা দল) এ কর্মসূচি পালন করে। কর্মসূচিতে বক্তব্য দেন সাদা দলের আহ্বায়ক ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক কে এম গোলাম মহিউদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি আ ন ম মুনির আহমদ, শিক্ষক সমিতির সাবেক সভাপতি হাসান মোহাম্মদ ও সিদ্দিক আহমদ চৌধুরী, শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক নছরুল কদির প্রমুখ। বক্তারা প্রক্টরিয়াল বডি ও সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষের অপসারণ, ক্যাম্পাস থেকে পুলিশের বিতর্কিত সদস্যদের প্রত্যাহার, নিহত ছাত্রদ্বয়ের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান, অন্যায়ভাবে গ্রেপ্তারকৃত নিরপরাধ সব ছাত্রের মুক্তি ও মামলা প্রত্যাহার, আহত ছাত্রদের সুচিকিৎসা নিশ্চিতকরণ ও আনুষঙ্গিক ব্যয় বহন এবং ক্লাস ও আবাসিক হলসমূহ খুলে দিয়ে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানান। ছাত্রলীগের স্মারকলিপি: এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৮ ফেব্রুয়ারির ওই সংঘর্ষের ঘটনায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে এ স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রশিবির পরিকল্পিতভাবে হত্যা ও নৈরাজ্যসহ সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। এসব অপকর্মের সঙ্গে জড়িত শিবির ক্যাডারদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। স্মারকলিপিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সহায়তা কামনা করা হয়। স্মারকলিপি প্রদানের সময় ছাত্রলীগের নেতারা ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে অবহিত করেন এবং ক্যাম্পাসে একটি মডেল থানা স্থাপনের দাবি জানান।