
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবিতে অন্যান্য দিনের মতো গতকাল বুধবারও প্রতিবাদে সোচ্চার ছিলেন সারা দেশের মানুষ। এদিন রাজধানী ঢাকাসহ দেশের অন্তত ২৬ জেলায় একাধিক স্থানে মানববন্ধন-মিছিল-সমাবেশসহ নানা কর্মসূচিতে যোগ দেন শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয় প্রতিনিধির পাঠানো খবর:
গতকাল সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মধুর ক্যানটিনে একটি সংবাদ সম্মেলন করেন। একই ব্যানারে শিক্ষার্থীরা গতকাল শাহবাগ অবরোধ করেন। ওই অবরোধে রাজধানীর বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত শিক্ষার্থীদের উদ্যোগে গতকাল অনুষদ ভবনের সামনে একটি মানববন্ধন হয়।
মানববন্ধন, রাস্তা অবরোধ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল দুপুরে ধানমন্ডি ২৭-এ এই মানববন্ধন হয়। স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধনে স্টামফোর্ড, ইউআইইউ, ইউডা, ড্যাফোডিল, ইবাইস, ইস্টার্ন ইউনিভার্সিটিসহ ধানমন্ডি এলাকার সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। বিকেলে শাহবাগে সিটি কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করেন।
এদিকে তনু হত্যার নিন্দা, প্রতিবাদ ও তদন্ত-প্রক্রিয়া স্বচ্ছ করার দাবি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এক বিবৃতিতে বলেছে, ‘শিক্ষক হিসেবে আমাদেরই সন্তানতুল্য একজন ছাত্রীর প্রতি এমন নির্মমতায় আমরা মর্মাহত ও ক্ষুব্ধ। সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন ও কঠোর নিরাপত্তাবেষ্টিত ক্যান্টনমেন্ট এলাকায় এ ধরনের হত্যাকাণ্ড দুঃখজনক।’
মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পৃথক আরেক বিবৃতিতে বলা হয়েছে, তনু হত্যাকাণ্ডের তদন্ত-প্রক্রিয়ার ধীরগতি ও সমন্বয়ের ব্যাপারে স্বচ্ছতার বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন আসক। তনু হত্যার বিচারের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারী সেল গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতীকী অনশন পালন করে। এ সময় প্রতিবাদ সভাও হয়। এ ছাড়া তনু হত্যাকারীদের গ্রেপ্তার এবং মামলার বিচার বিভাগীয় তদন্তের দাবিতে জাসদ ছাত্রলীগ গতকাল প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধন করে।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের কলাভবনের সামনে গতকাল বিক্ষোভ করেন তনু মঞ্চের কর্মীরা। বেলা তিনটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত নগরের কান্দিরপাড় পূবালী চত্বরে মিছিল, গণস্বাক্ষর সংগ্রহ ও মোমবাতি প্রজ্বালন করেন গণজাগরণ মঞ্চ ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা। মানববন্ধন করেছেন গাজীপুর খান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
বরিশালে ক্লাস বর্জন করে সমাবেশ ও মিছিলে অংশ নেন বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, জিলা স্কুল, সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পটুয়াখালী প্রেসক্লাবের সামনে সকালে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে হয় মানববন্ধন ও সমাবেশ। এতে সম্মিলিত সামাজিক আন্দোলন, সাংস্কৃতিক সংগঠন সুন্দরম, মুক্তিযোদ্ধা সংসদ, উদীচী, দখিনা ও পটুয়া খেলাঘর আসর, আবৃত্তি মঞ্চ, শহীদ স্মৃতি পাঠাগার ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। মৌলভীবাজার আদালত প্রাঙ্গণে দুপুরে সাধারণ আইনজীবীদের ব্যানারে মানববন্ধন ও সমাবেশ হয়। রাজনগর উপজেলার টেংরাবাজারে মানববন্ধন করে শহীদ সুদর্শন উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরাও যোগ দেন।
কুড়িগ্রামে গণজাগরণ মঞ্চের উদ্যোগে দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে হয় মানববন্ধন। পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে দুপুরে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে মানববন্ধন করেন চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষক-শিক্ষার্থী। বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে দুপুরে ছাত্র ইউনিয়নের ব্যানারে হয় মানববন্ধন। কর্মসূচিতে তনু হত্যার বিচারের দাবির পাশাপাশি তাঁর মতো আর কাউকে যাতে জীবন দিতে না হয়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। নড়াইল আদালত চত্বরে সচেতন নড়াইলবাসীর ব্যানারে হয় বিক্ষোভ-সমাবেশ-মানববন্ধন-গণস্বাক্ষর। ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজের বায়তুল আমান ক্যাম্পাসে দুপুরে কলেজ শাখা ছাত্র ইউনিয়নের উদ্যোগে মিছিল বের করা হয়।
জামালপুর, গাজীপুর, কুষ্টিয়া, নীলফামারী, রাজবাড়ী, চাঁপাইনবাবগঞ্জ, কিশোরগঞ্জ, বরগুনা, যশোর, ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ, সুনামগঞ্জ, বগুড়া ও খাগড়াছড়ি জেলার বিভিন্ন স্থানে তনু হত্যাকারীদের বিচারের দাবিতে নানা কর্মসূচি পালন করা হয়েছে।