সাতক্ষীরার কলেজছাত্র গৌতম হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার সাতক্ষীরা-ভোমরা বন্দর সড়কের মাহমুদপুর সীমান্ত আদর্শ কলেজের সামনে এই কর্মসূচি পালিত হয়।
সাতক্ষীরা সীমান্ত আদর্শ কলেজ এই কর্মসূচির আয়োজন করে। এতে সদর উপজেলার ঘোনা, আলীপুর ও ভোমরা ইউনিয়নের বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকেরা অংশ নেন। বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলে। এ সময় সাতক্ষীরা-ভোমরা সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সাতক্ষীরা কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আবদুর রহমান, সীমান্ত কলেজের অধ্যক্ষ মো. আজিজুর রহমান, স্কুলশিক্ষক আবদুর রকিব ও মো. আবুবকর সিদ্দিক, কলেজশিক্ষক মো. মনিরুজ্জামান, সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল কাদের প্রমুখ।
মানববন্ধনে দাবি করা হয়, মহাদেবনগরের চাঁদাবাজ জামশেদ এ হত্যাকাণ্ডে জড়িত। তাঁকে আটক করেও তিন দিন পর ছেড়ে দিয়েছিল পুলিশ। সেই রাতেই গৌতমকে ফোন করে ডেকে নিয়ে হত্যা করা হয়।
গৌতমকে গত ১৩ ডিসেম্বর রাতে মুঠোফোনে ডেকে নিয়ে অপহরণ করা হয়। ১৬ ডিসেম্বর বাড়ির কাছের পুকুরে তার লাশ পাওয়া যায়।