
পঞ্চগড়ের দেবীগঞ্জে শ্রীশ্রী সন্ত গৌড়ীয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর চন্দ্র রায়কে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে গতকাল শনিবার ১০ জেলায় মানববন্ধন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদসহ বিভিন্ন সংগঠন।
২১ ফেব্রুয়ারি যজ্ঞেশ্বর চন্দ্র রায়কে (৫০) গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের গুলিতে মঠের একজন সাধু আহত হন।
পঞ্চগড় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে বেলা ১১টায় ঐক্য পরিষদ, পূজা উদ্যাপন পরিষদ, আনন্দ মার্গ সংঘ, সর্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দির, চানপাড়া ইসকন মন্দির ও শ্রীশ্রী রাধা প্রাণবল্লভ জিউ গৌড়ীয় মঠের উদ্যোগে মানববন্ধন করা হয়। এ ছাড়া দুপুরে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের বোদা বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন করে বোদা উপজেলা পূজা উদ্যাপন ও ঐক্য পরিষদ এবং জাগো হিন্দু পরিষদ।
চাঁপাইনবাবগঞ্জ শহরের শহীদ সাটু হলের সামনে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ সনাতন ফেডারেশনের (বিএসএফ) উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, দেশের হিন্দু সম্প্রদায়সহ অন্য সংখ্যালঘুরা বর্তমানে ভীতি ও আতঙ্কের মধ্যে বাস করছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সকালে মৌলভীবাজার শহরের চৌমোহনা চত্বরে ঐক্য পরিষদ ও পূজা উদ্যাপন পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন পূজা উদ্যাপন পরিষদের জেলা কমিটির সভাপতি নিহির কান্তি দেব।
সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কে জেলার কেন্দ্রীয় মন্দির শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ার সামনে দুপুরে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন পূজা উদ্যাপন পরিষদের জেলা কমিটির সভাপতি সুকুমার চন্দ্র দাস।
ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা এলাকায় বেলা ১১টায় ওই দুই সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন ঐক্য পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক ইন্দ্রনাথ রায়, পূজা উদ্যাপন পরিষদের জেলা শাখার সভাপতি অরুনাংশু দত্ত প্রমুখ।
সকালে ভোলা সদর রোডে জেলা পূজা উদ্যাপন পরিষদ আয়োজিত মানববন্ধনে সংগঠনটির জেলা কমিটির সভাপতি দুলাল চন্দ্র ঘোষ যজ্ঞেশ্বর হত্যাকাণ্ডের পাশাপাশি ইতিপূর্বে খুন হওয়া বিশ্বজিৎ, অভিজিৎ এবং ফরদিপুরের অলোক সেনের হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানান।
নড়াইল প্রেসক্লাবের সামনে সমাবেশে সভাপতিত্ব করেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অশোক কুমার কুণ্ডু।
বেলা সাড়ে ১১টার দিকে পটুয়াখালী প্রেসক্লাবের সামনের সকালে মানববন্ধনের আয়োজন করে ঐক্য পরিষদ ও পূজা উদ্যাপন পরিষদ। একই সময়ে নেত্রকোনা শহরের ছোটবাজার এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে মানববন্ধন হয়।
নীলফামারী শহরের চৌরঙ্গী মোড়ে বিকেল চারটার দিকে, ডোমার উপজেলা শহরের রেলঘুণ্টি এলাকায় দুপুর ১২টায় এবং জলঢাকা উপজেলার জিরো পয়েন্ট এলাকায় বেলা সাড়ে তিনটার দিকে মানববন্ধন করা হয়। জেলা শহরে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ঐক্য পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক খোকা রাম রায়।
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন প্রথম আলোর নীলফামারী, সিরাজগঞ্জ, মৌলভীবাজার, ঠাকুরগাঁও, ভোলা, নড়াইল, পটুয়াখালী, নেত্রকোনা ও পঞ্চগড় প্রতিনিধি এবং নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ)