বিচারের দীর্ঘসূত্রতা, জামিন পেয়ে যাচ্ছেন জাল মুদ্রার কারবারিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাল মুদ্রা প্রস্তুত ও বাজারজাতকারী একটি চক্রের প্রধান সোলায়মান মজুমদার ২০১০ সালের ১০ ফেব্রুয়ারি এক সহযোগীসহ গ্রেপ্তার হয়েছিলেন। এক মাস না পেরোতেই মার্চ মাসে সহযোগীসহ জামিনে ছাড়া পান তিনি। ওই বছরের ২১ সেপ্টেম্বর আবার জাল মুদ্রাসহ ডিবির হাতে গ্রেপ্তার হন তিনি। কিছুদিন পর আবারও জামিন পান। সোলায়মানের সঙ্গে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির যোগাযোগের তথ্যও বেরিয়ে আসে। তবু আটকে রাখা যায়নি তাঁকে।
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কর্মকর্তারা মনে করেন, বিচারের দীর্ঘসূত্রতার কারণে জাল মুদ্রা প্রস্তুতকারক ও কারবারিদের থামানো যাচ্ছে না। গ্রেপ্তারের কিছুদিন পরেই তাঁরা জামিনে মুক্তি পেয়ে আবার একই অপরাধে যুক্ত হচ্ছেন।
২০১২ সালের ২৯ মার্চ রাজধানীর পলওয়েল মার্কেট থেকে জাল ভারতীয় মুদ্রা ১০ কোটি রুপি ও দুই সহযোগীসহ ইমরান হোসেনকে (৪১) গ্রেপ্তার করে র্যাব। তখন জিজ্ঞাসাবাদে ইমরান জানিয়েছেন, সমুদ্রপথে কাপড়ের গাঁটের সঙ্গে এই মুদ্রাগুলো পাকিস্তান থেকে আনা হয়েছে। চট্টগ্রাম বন্দর থেকে খালাস করে সেগুলো ঢাকার পলওয়েল মার্কেটে আনা হয়। এ ঘটনায় পল্টন থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. আলাউদ্দীন বলেন, ইমরানসহ গ্রেপ্তার হওয়া তিনজনই জামিনে বেরিয়ে গেছেন।
জাল মুদ্রা পাচার চক্রের আরেক চাঁই মাহাতাব উদ্দিন। তিনি পৌনে তিন কোটি ভারতীয় রুপি ও দুই সহযোগীসহ ২০১২ সালের ২ নভেম্বর র্যাবের হাতে ধরা পড়েন। রুপির চালান নিয়ে চাঁপাইনবাবগঞ্জে যাওয়ার সময় গাজীপুরে মহাসড়ক থেকে তাঁদের আটক করা হয়। এঁরা সবাই এখন জামিনে মুক্ত।
ঢাকা মহানগর পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, গত ছয় বছরে ডিবি জাল মুদ্রা প্রস্তুতকারক ও কারবারিদের ধরে যেসব মামলা দিয়েছে, তার কোনোটিই এখনো বিচারের তালিকায় আসেনি। ছয় বছর আগে অভিযোগপত্র দেওয়া হলেও মামলা এখনো বিচারের অপেক্ষায় রয়েছে। তিনি জানান, জাল টাকাসহ গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে বেশির ভাগ ক্ষেত্রেই বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়। কিন্তু বিচারের দীর্ঘসূত্রতার কারণে গ্রেপ্তারের কিছুদিনের মধ্যে জামিন পেয়ে যান আসামিরা।