প্রধান বিচারপতির সঙ্গে চেয়ারম্যানের সাক্ষাৎ
বিচারের দীর্ঘসূত্রতা দূর করতে মানবাধিকার কমিশনের আহ্বান
বিচার-প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা দূর করতে উদ্যোগ নেওয়ার জন্য প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। একই সঙ্গে মৃত্যুদণ্ডের আদেশপ্রাপ্তদের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি। প্রধান বিচারপতি তাঁকে বলেছেন, ইতিমধ্যেই এসব বিষয়ে তিনি উদ্যোগ নিয়েছেন এবং এ প্রক্রিয়া অব্যাহত থাকবে।গতকাল রোববার দুপুরে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে তাঁর কার্যালয়ে যান। বৈঠক শেষে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সাংবাদিকদের এসব কথা বলেন। প্রধান বিচারপতির সঙ্গে আলোচনার বিষয় উল্লেখ করে মিজানুর রহমান বলেন, দ্রুত বিচার পাওয়ার অধিকার মানবাধিকারের অংশ। অনেক সময় ছোটখাটো অপরাধে আটক ব্যক্তিদের বিচার শুরু করতেই ছয় মাস থেকে এক বছর লেগে যায়। এটা মানবাধিকারের লঙ্ঘন। এ ক্ষেত্রে বিচারক ও বিচার প্রশাসনকে এগিয়ে আসতে হবে। এ বিষয়ে তিনি প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি বলেন, প্রধান বিচারপতি তাঁকে বলেছেন, তাঁরা যেন কোনো ধরনের ভয়ভীতি, অনুকম্পা, দুর্বলতা বাদ দিয়ে শুধুই আইন অনুযায়ী বিচার করেন। এই নির্দেশ দেওয়ার কাজটি তিনি বারবার করে যাবেন।মিজানুর রহমান জানান, আবার মৃত্যুদণ্ডের আদেশপ্রাপ্ত অনেকে নিষ্পত্তির জন্য দীর্ঘদিন অপেক্ষা করে আছেন। কীভাবে এই প্রক্রিয়া ত্বরান্বিত করা যায়, সে বিষয়েও তিনি প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছেন। প্রধান বিচারপতি কী বলেছেন—জানতে চাইলে মিজানুর রহমান বলেন, পেপারবুক তৈরি হতে বিলম্ব হওয়ায় মৃত্যুদণ্ডের আদেশপ্রাপ্তদের বিচার দ্রুত নিষ্পত্তিতে সমস্যা হয়। এই পেপারবুক তৈরি করে বিজি প্রেস। বিজি প্রেসের একটি বিশেষ শাখাকে যেন এই দায়িত্ব দেওয়া হয়, এ বিষয়ে তিনি সরকারের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন।মৃত্যুদণ্ডের বিধান থাকা উচিত বলে মনে করেন কি না—জানতে চাইলে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘একতরফাভাবে এর উত্তর দেওয়া ঠিক হবে না। অনেক দেশ মৃত্যুদণ্ডের বিধান রহিত করে দিয়েছে। তবে অনেক দেশে এখনো তা রয়ে গেছে। তাত্ত্বিক আলোচনায় আমরা বলে থাকি, বিচার-প্রক্রিয়ায় অনেক সময় বিচারক ভুল করতে পারেন। সব সাক্ষ্য-প্রমাণ হয়তো বিচারকের কাছে উপস্থাপিত হয়নি। মৃত্যুদণ্ড কার্যকরের এক দশক পর হয়তো দেখা গেল যে বিচারটা ভুল ছিল। এ বিষয়টির জন্যই বিশ্বব্যাপী বিতর্ক চলছে যে মৃত্যুদণ্ড থাকা উচিত কি না। বাংলাদেশের আইনে মৃত্যুদণ্ডের বিধান আছে। তবে তা কেবলই জঘন্যতম অপরাধের ক্ষেত্রে দেওয়া উচিত।’বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে বেশ কয়েকটি মামলা উচ্চ আদালতে আটকে আছে। এ বিষয়ে কথা হয়েছে কি না—জানতে চাইলে মিজানুর রহমান বলেন, তাঁর কমিশন কখনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করে না। প্রধান বিচারপতিও এটা সমর্থন করেন না। তবে গতকালের আলোচ্য বিষয় এটা ছিল না।