বিচারের দীর্ঘসূত্রতার ব্যাখ্যা চাইবেন সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচারে দীর্ঘ সময় লাগার বিষয়ে মন্ত্রণালয়ের কাছে ব্যাখ্যা চাইবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। একই সঙ্গে তিনি এ মামলা দ্রুত নিষ্পত্তি করতে সরকারের প্রতি আহ্বান জানান। খবর বাসসের।

আজ শুক্রবার রাজধানীর শাহবাগে জাতীয় গণ গ্রন্থাগার মিলনায়তনে এক আলোচনা সভায় এসব কথা বলেন সুরঞ্জিত। ২১ আগস্ট গ্রেনেড হামলার দ্রুত বিচারের দাবিতে বঙ্গবন্ধু একাডেমি এ আলোচনা সভার আয়োজন করে।

আওয়ামী লীগ দলীয় সাবেক এই মন্ত্রী বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার ১০ বছরে যতটুকু এগিয়েছে, তাতে আইন, বিচার ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে আমি সন্তুষ্ট নই। কোনো অজুহাতেই এই মামলা ১০ বছর অতিবাহিত হতে পারে না। স্থায়ী কমিটির পরবর্তী সভায় মন্ত্রণালয়ের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হবে।’

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘সংসদীয় কমিটির পরবর্তী সভায় আমি মন্ত্রণালয়ের কাছে ব্যাখ্যা চাইব। তাদের আমার কমিটিতে ডাকব। পরে আমরা সবাই মিলে এ মামলায় যেসব প্রতিকূলতা রয়েছে, তা দূর করে দ্রুত বিচার সম্পন্ন করা হবে।’

২১ আগস্ট গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে তত্কালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তাঁর ছেলে তারেক রহমান ও জামায়াতের নেতা আলী আহসান মুহাম্মাদ মুজাহিদকে দায়ী করেছেন সুরঞ্জিত। তিনি বলেন, আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার লক্ষ্যেই তাঁরা এ হামলা চালায়। হাওয়া ভবনে বসেই চারদলীয় জোটের নেতারা তত্কালীন বিরোধীদলীয় নেতাকে হত্যার পরিকল্পনা করেছিল বলেও জানান সুরঞ্জিত।