গ্রাম্য সালিসদার, মেম্বার বা চেয়ারম্যানরা বিচারের নামে কাউকে অমানবিক সাজা দিলে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল রোববার সংসদে স্বতন্ত্র সাংসদ রহিম উল্লাহর এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, গ্রাম্য সালিসদার, চেয়ারম্যান বা মেম্বাররা যাতে বিচারের নামে প্রকাশ্যে কারও মাথার চুল কাটতে, কান ধরে ওঠবস করাতে, জুতার মালা পরানো, নাকে খত দেওয়া, ঝাড়ুপেটা করা ইত্যাদি অমানবিক সাজা দিতে না পারে সে জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের মধ্যে সচেতনতা বাড়াতে জনপ্রশাসন ও মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে।
খন্দকার আজিজুল হকের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, নারী ও শিশু নির্যাতন দমন-সংক্রান্ত মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য নতুন ৪১টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল তৈরির বিষয়ে অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া গেছে। বিষয়টি প্রধানমন্ত্রীর সম্মতির অপেক্ষায় আছে। এটি হলে এ-সংক্রান্ত মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা যাবে। আ খ ম জাহাঙ্গীর হোসাইনের প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক বলেন, দেশে মাছের চাহিদা ৪০ লাখ ৫৫ হাজার মেট্রিক টন।