বিচারের নামে অমানবিক সাজায় আইনি ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাম্য সালিসদার, ইউনিয়ন পরিষদ সদস্য বা চেয়ারম্যানরা বিচারের নামে কাউকে অমানবিক সাজা দিলে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ রোববার সংসদে সরকারি দলের রহিম উল্লাহর এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, গ্রাম্য সালিসদার, চেয়ারম্যান বা সদস্যরা যাতে বিচারের নামে প্রকাশ্যে কারও মাথার চুল কাটতে, কান ধরে ওঠবস করাতে, গলায় জুতার মালা পরাতে, নাকে খত দেওয়াতে, ঝাড়ুপেটা ইত্যাদি অমানবিক সাজা দিতে না পারেন, সে জন্য পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এ বিষয়ে জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য জনপ্রশাসন ও স্থানীয় মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে।

নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ২০১৫-১৬ অর্থবছরে দেশের জেলা আদালত থেকে ১০৫ কোটি ৬৭ লাখ টাকা আয় হয়েছে।

খন্দকার আজিজুল হকের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নারী ও শিশু নির্যাতন দমনসংক্রান্ত মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য নতুন ৪১টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল তৈরির বিষয়ে অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া গেছে। বিষয়টি এখন প্রধানমন্ত্রীর সম্মতির অপেক্ষায় রয়েছে। এটি হলে এ-সংক্রান্ত মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা যাবে। এ ছাড়া সাত বিভাগে সাতটি সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনাল, সাতটি সাইবার ট্রাইব্যুনাল, ১১২টি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত, ২১৪টি সহকারী জজ আদালত, ৩৪৬টি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, ১৯টি পরিবেশ আদালত এবং ৬টি পরিবেশ আপিল আদালত তৈরির বিষয় প্রক্রিয়াধীন রয়েছে। এর সঙ্গে ১১তম বিজেএস পরীক্ষার মাধ্যমে ১১৫ জন সহকারী জজ নিয়োগের পরিকল্পনা সরকারের রয়েছে।

বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর ২০১৪ সাল থেকে গত বছরের ডিসেম্বর পর্যন্ত ৪০ লাখ ৬৪ হাজার ৫৩৭টি মামলা নিষ্পত্তি হয়েছে বলেও আইনমন্ত্রী জানান।

আ খ ম জাহাঙ্গীর হোসাইনের প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক বলেন, দেশে মাছের চাহিদা ৪০ লাখ ৫৫ হাজার মেট্রিক টন।

রহিম উল্লাহর অপর এক প্রশ্নের জবাবে জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, মাঠপ্রশাসনে কর্মকর্তাদের অনিয়ম, ঘুষ ও দুর্নীতি প্রতিরোধে প্রশিক্ষণ কোর্স, শুদ্ধাচার কৌশল, নিরীক্ষা কার্যক্রম, স্থাবর-অস্থাবর সম্পদের বিবরণ দাখিল, আয়কর রিটার্ন দাখিল ইত্যাদি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

প্রশ্নোত্তরের আগে বিকেল পাঁচটার পর স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।