ভারত আন্তর্জাতিকভাবে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করতে ফেলানী হত্যাকাণ্ডের ঘটনায় বিচারের নামে নাটক করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। তিনি বলেন, ‘শুধু নাটক করলেই হবে না, যথাযথ বিচার করতে হবে। দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের স্বার্থেই এটি করতে হবে।’
গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিজানুর রহমান এ মন্তব্য করেন। ‘কোয়ালিশন ফর কমিউনাল হারমনি বাংলাদেশ’ নামের একটি সংগঠন ‘বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন: কারণ ও সমাধান’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশের কিশোরী ফেলানী হত্যাকাণ্ডের বিচার সম্পর্কে জানতে চাইলে মিজানুর রহমান বলেন, ‘ন্যায়বিচার থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত হয়েছি। আমাদের বক্তব্য আরও শক্তভাবে ভারতের কাছে পৌঁছে দেওয়া উচিত। সেটা রাষ্ট্র ও সরকারের দায়িত্ব।’
আইন ও সালিশ কেন্দ্র ক্ষুব্ধ: ফেলানী হত্যা মামলার রায়ে অভিযুক্ত বিএসএফ সদস্যকে বেকসুর খালাস দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে আইন ও সালিশ কেন্দ্র। গতকাল এক বিবৃতিতে তারা বলেছে, রায়ে ন্যায়বিচারের প্রতিফলন হয়নি। অনাকাঙ্ক্ষিত এ রায়ের ফলে সীমান্তে নির্বিচারে মানুষ মারার প্রবণতা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।