পয়লা বৈশাখে আনন্দ-উচ্ছ্বাসে শুরু হয় নতুন বর্ষের নবযাত্রা। কিন্তু পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া গ্রামের গাজী বাড়িতে এই দিনটি হাজির হয় স্বজনহারানোর বেদনা, দুঃখ আর হাহাকার নিয়ে। ১২ বছর ধরে এখানে পয়লা বৈশাখ মানেই শুধু কান্না আর আর্তনাদ। আনন্দের বদলে শোক ছুঁয়ে যায় পুরো এলাকায়। ২০০১ সালের পয়লা বৈশাখে রমনার বটমূলে পৈশাচিক বোমা হামলায় ১০ জনের জীবনপ্রদীপ নিভে যায়। এর মধ্যে বাউফলের এই গাজী বাড়ির তিনজন ছিলেন। তাঁরা হলেন আল-মামুন, রিয়াজুল ইসলাম ও জান্নাতুল ফেরদৌসী (শিল্পী)। তাঁরা চাচাতো ভাইবোন। বিচারের আশায় এখনো প্রতীক্ষার প্রহর গুনছেন পরিবারের সদস্যরা।হাজারো নাগরিকের মতো সেই পয়লা বৈশাখে রমনার বটমূলে ছায়ানটের অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন ওরা তিন ভাইবোন। বোমার আঘাতে ঘটনাস্থলেই মারা যান মামুন ও রিয়াজ। গুরুতর আহত হয়ে শিল্পী ১৬ দিন পর হাসপাতালে মৃত্যুবরণ করেন। এই তিনজনের অকাল মৃত্যু তাঁদের পরিবার থেকে সুখ, স্বাচ্ছন্দ্য, আনন্দ কেড়ে নিয়েছে।মামুন চেয়েছিলেন বড় টেইলার মাস্টার হয়ে টানাপোড়েনের সংসারের হাল ধরতে। রিয়াজের স্বপ্ন ছিল ব্যবসা করা। আর কম্পিউটার শিখে বিদেশ যেতে চেয়েছিলেন শিল্পী। রমনার বটমূলে বোমা হামলায় চিরতরে হারিয়ে যায় এই ছোট্ট স্বপ্নগুলোর। বর্তমানে এই তিনটি পরিবারের দিন কাটে নানা কষ্টে। শিল্পীর বাবা হাসেম গাজী (৮০) জানান, মেয়ে কম্পিউটার প্রশিক্ষণ নিতে ঢাকা গেলেন, আর ফিরলেন লাশ হয়ে। শিল্পীকে যারা নির্মমভাবে হত্যা করল, তাদের বিচারের আশায় অপক্ষো করতে করতে ওর মা সুরাইয়া বেগম ২০০৭ সালে মারা গেছেন। তিনি মৃত্যুর আগে মেয়ে হত্যার বিচার দেখে যেতে চান। রিয়াজের বাবা সামসুল হক ও মা খালেদা বেগম ক্ষোভ প্রকাশ করে জানান, তাঁরা আশা করেছিলেন বর্তমান সরকারের আমলেই এই হত্যাকাণ্ডের বিচার হবে। দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। এখনো তাঁরা সেই প্রতীক্ষায় রয়েছেন। মামুনের বাবা কাসেম গাজী (৭৮) বাকরুদ্ধ। শুধু ফেল ফেল চোখে তাকিয়ে সন্তানের কথা মনে করে চোখের পানি ফেলছেন। মা নুরজাহান বেগম (৬৮) বলেন, ‘মৃত্যুর ১৫ দিন আগে মামুন কইছিল দর্জির কাজ শিখছি। তোমার জন্য সুন্দর একটা ব্লাউজ বানাইয়া নিয়া আমু। মামুন আইছে, তয় লাশ হয়ে।’ নুরজাহান বেগম বলেন, ‘এই দিনটা (পয়লা বৈশাখ) আইলেই খুব কষ্ট লাগে। আমাদের পরিবারের তিনজন ওই বোমায় মারা গেল কিন্তু আজও এর বিচার হলো না। বোমা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখে যেতে পারব কি না, তা-ও জানি না। আমি কিছু চাই না শুধু ছেলের হত্যার বিচার চাই।’