ঢাকার শাপলা চত্বরে ৫ মে রাতের অভিযানে ও পরদিন বিভিন্ন স্থানে হতাহত ব্যক্তিদের জন্য গতকাল শুক্রবার রাজধানীসহ সারা দেশে দোয়া দিবস পালন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। গতকাল আসরের নামাজের পর চট্টগ্রামের হাটাহাজারী দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসার মসজিদে দোয়া মাহফিল হয়। এতে হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী বলেন, ‘আমরা আল্লাহর কাছে সব বিচারের ভার ছেড়ে দিয়েছি। দোয়া-দরুদ পড়ে আমরা আমাদের কাজ চালিয়ে যাব।’ তিনি বলেন, ‘কোরআন তেলাওয়াত ও তাহাজ্জতের নামাজ পড়ে আমরা শহীদদের জন্য দোয়া করব। জুলুমবাজদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন জুনায়েদ বাবুনগরী। তাঁকে ছেড়ে দেওয়া এবং জামিনের বিষয়টিও আল্লাহ দেখবেন।’ হেফাজতের আমির আরও বলেন, ‘এই দেশ নাস্তিকদের নয়, মুসলমানদের। এই দেশে মুসলমানদের ইজ্জতের সঙ্গে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি।’ এদিকে জুমা ও আসরের নামাজের পর ঢাকার লালবাগ মাদ্রাসা, মোহাম্মদপুর সাতমসজিদ, জামিয়া মাদানিয়া বারিধারা, মিরপুরের আরজাবাদ মাদ্রাসা, পুরান ঢাকার বড়কাটারা মাদ্রাসা মসজিদসহ বিভিন্ন কওমি মাদ্রাসার মসজিদে দোয়া করা হয়।