বিচারের মান সমুন্নত রাখতে আইনজীবীদের নিষ্ঠাবান থাকতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক ব্যারিস্টার আমীর-উল ইসলাম বলেছেন, দেশের স্বাধীনতা ও সংবিধানের সার্বভৌমত্ব নিরঙ্কুশ রাখা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের দায়িত্ব অপরিসীম। আইনের শাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা ও বিচারের মান সমুন্নত রাখার পাশাপাশি নিষ্কলুষ বিচারাঙ্গন প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অপরিহার্য। এ কারণে দলমত-নির্বিশেষে এই মৌলিক বিষয়ে আইনজীবীদের ঐকমত্য ও নিষ্ঠাবান থাকার বিকল্প নেই।
গতকাল বুধবার দুপুরে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন উপলক্ষে মানিকগঞ্জ আইনজীবী সমিতির এক নম্বর ভবনে আয়োজিত প্রচারাভিযানমূলক এক সভায় আমীর-উল ইসলাম এসব কথা বলেন। বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচনে ব্যারিস্টার আমীর-উল ইসলামের নেতৃত্বাধীন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রচারাভিযানমূলক এ সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় জেলা বারের প্রবীণ আইনজীবী গোলাম মহীউদ্দিনের সভাপতিত্বে এবং জেলা জজকোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) মো. আবদুস সালামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, সাবেক বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আবদুল মতিন খসরু, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি কাজী মো. নজিবুল্লাহ হিরু, ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মোতাহার হোসেন সাজু, ঢাকা জজকোর্টের পিপি আবদুল মান্নান, জিপি মেহের উদ্দিন ও জেলা আইনজীবী সমিতির সভাপতি খলিলুর রহমান।