বিচারের স্বস্তিতে মুছে যাক বেদনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয়ের মাস ডিসেম্বর এলেই লাল-সবুজের পতাকা পথে পথে ফেরি করে বিক্রির দৃশ্য চোখে পড়ে। রায়েরবাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সামনে থেকে গতকাল ছবিটি তুলেছেন নাসির আলী মামুন
বিজয়ের মাস ডিসেম্বর এলেই লাল-সবুজের পতাকা পথে পথে ফেরি করে বিক্রির দৃশ্য চোখে পড়ে। রায়েরবাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সামনে থেকে গতকাল ছবিটি তুলেছেন নাসির আলী মামুন

আজও দিনটি শুরু হবে সূর্যের আলোকচ্ছটায়। কিন্তু দিনটি পালিত হবে শোক আর বেদনা নিয়ে। তবে এবার এ শোকের সঙ্গে থাকবে রক্তের ঋণ শোধ করার গর্ব, নিষ্ঠুরতার বিচার করতে পারার তৃপ্তি।
আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। এবারই প্রথম বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের বিচারের রায় হাতে নিয়ে দিনটি পালন করবে দেশবাসী। একাত্তরের গণহত্যার বিচারহীনতা থেকে মুক্তির অনুপ্রেরণায় উজ্জীবিত হবে জাতি।
১২ ডিসেম্বর মুক্তিযুদ্ধকালে হত্যা ও ধর্ষণের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আর গত ৩ নভেম্বর ১৮ জন বুদ্ধিজীবীকে হত্যার দায়ে ফাঁসির সাজা ঘোষিত হয়েছে একাত্তরের কুখ্যাত খুনে আলবদর বাহিনীর সদস্য চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে। দুজনই যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে পলাতক। এঁদের সাজা কার্যকর করা নিয়ে অনিশ্চয়তা থাকলেও স্বাধীনতার চার দশক পর এ বিচার স্বজনহারা শোকসন্তপ্ত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করেছে।
স্বাধীনতার উষালগ্নে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের পরিকল্পনা ও ষড়যন্ত্রের দায়ে ইতিমধ্যে সর্বোচ্চ সাজা পেয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ। দেশের সর্বোচ্চ আদালতে তাঁর বিচার চলছে। বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনায় আরেক অভিযুক্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামী। যেকোনো দিন তাঁর মামলার রায় ঘোষণা করা হবে।
এ অবস্থায় ৪৩তম বুদ্ধিজীবী দিবসের প্রাক্কালে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, ‘শহীদ বুদ্ধিজীবী দিবস আমাদের সকলকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করুক’। প্রধানমন্ত্রী বলেন, ‘বুদ্ধিজীবী হত্যাকারী যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় আনা হয়েছে। রায় ঘোষণা শুরু হয়েছে, রায় বাস্তবায়নও হবে। এসব রায় বাস্তবায়নের মধ্য দিয়েই শহীদ বুদ্ধিজীবীদের আত্মা শান্তি পাবে। দেশ কলঙ্কমুক্ত হবে।’
বরাবরের মতো যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় আজ শনিবার সকাল সাতটায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে শহীদ পরিবারের সদস্যরা এবং উপস্থিত মুক্তিযোদ্ধারা স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। পরে রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধেও শ্রদ্ধা নিবেদন করা হবে।
বিভীষিকাময় হত্যাকাণ্ড: ১৯৭১ সালে মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ (তৎকালীন ফিজিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট) হয়ে উঠেছিল বিভীষিকার আরেক নাম। মুক্তিযুদ্ধের বিভিন্ন নথি ও ট্রাইব্যুনালের রায় থেকে জানা যায়, এটি ছিল আলবদর বাহিনীর কেন্দ্রীয় কার্যালয়। আলবদর ও রাজাকারেরা সেখানে পাকিস্তানি সেনাদের কাছে অস্ত্র চালনার প্রশিক্ষণ নিত, আর বাঙালিদের ধরে এনে পাশবিক নির্যাতনের পর হত্যা করত। একাত্তরের ১০ ডিসেম্বর থেকে সেটা হয়ে ওঠে বাঙালি বুদ্ধিজীবীদের হত্যাকেন্দ্র। স্বাধীনতাকামী বুদ্ধিজীবীদের বেশির ভাগকে আলবদররা চোখ বেঁধে সেখানে নিয়ে নির্মম নির্যাতনের পর রায়েরবাজার ও মিরপুরের বধ্যভূমিতে নিয়ে হত্যা করেছিল।
গত ৪২ বছরে এই বুদ্ধিজীবীদের স্বজনেরা যে কী অব্যক্ত যন্ত্রণা নিয়ে জীবন যাপন করেছেন, তা বোঝা যায় ট্রাইব্যুনালে দেওয়া তাঁদের সাক্ষ্য দেখে। শহীদ সাংবাদিক আ ন ম গোলাম মোস্তফার ছেলে অনির্বাণ মোস্তফার বয়স ছিল মাত্র নয় মাস। ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে গিয়ে ঝরে পড়ে তাঁর আক্ষেপ, ‘আমি কোনো দিন আমার বাবাকে বাবা বলে ডাকতে পারিনি।’
আর দেলোয়ার হোসেনের জন্য গত ৪২ বছর এক যন্ত্রণাময় স্মৃতি। রায়েরবাজার বধ্যভূমি থেকে বেঁচে ফিরে আসা দেলোয়ারকে একাত্তরের ১৪ ডিসেম্বর আলবদররা শারীরিক শিক্ষা কলেজে ধরে নিয়ে যায়। সেখানে বন্দী অবস্থায় তিনি দেখেন রডের এলোপাতাড়ি আঘাতে অধ্যাপক মুনীর চৌধুরীর মুখ থেকে গলগল করে রক্ত বের হতে। আদালতে এ বর্ণনা দিতে গিয়ে অঝোরে কাঁদতে শুরু করেন তিনি। আর বেয়নেটের আঘাতে ক্ষতবিক্ষত সেলিনা পারভীনের কণ্ঠস্বর আজও দুঃস্বপ্নের মতো তাড়া করে ফেরে তাঁকে।
দুঃসহ স্মৃতি হয়তো মৃত্যু পর্যন্ত তাড়া করবে দেলোয়ারকে। তার পরও, নর হত্যাকারীদের বিচার দেখতে পেয়ে এতটুকু সান্ত্বনা কি তিনি আজ পাবেন না?