বিচার-প্রক্রিয়া ডিজিটাল হচ্ছে সিলেট থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে বিচার-প্রক্রিয়াকে ডিজিটাল করার কার্যক্রম সিলেট থেকে শুরু হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। গত বৃহস্পতিবার রাতে সিলেটে বিচার বিভাগীয় বিশেষ সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এস কে সিনহা এ তথ্য জানান।
প্রধান বিচারপতি বলেন, এক মাসের মধ্যে সিলেটের আদালতগুলোতে ডিজিটালাইজেশন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু করা হবে। প্রথম পর্যায়ে সিলেট জেলা ও মহানগর জজ আদালতের আওতাভুক্ত ২০টি কোর্টকে ডিজিটালাইজেশন করা হবে। এর মাধ্যমে বিচার-প্রক্রিয়া আরও গতিশীল হবে।
চলতি বছরের প্রথম ছয় মাসে দেশে মামলা নিষ্পত্তির প্রতিবেদনে সন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি। তিনি আদালতগুলোতে মামলাজট নিরসনে বিচার-প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সবাই আন্তরিক হওয়ার তাগিদ দেন। এস কে সিনহা বলেন, বিচার বিভাগের আধুনিকায়ন এবং এ বিভাগে গতিশীলতা আনার লক্ষ্যে বর্তমানে যেসব উদ্যোগ নেওয়া হচ্ছে, সেগুলো পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হলে বিচার-প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা ও মামলাজট নিরসন সম্ভব হবে।
সিলেট সার্কিট হাউসে অনুষ্ঠিত ওই সম্মেলনে জেলা ও দায়রা জজ মনির আহমদ পাটোয়ারী, মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা, সিলেটের বিভাগীয় কমিশনার জামালউদ্দীন আহমদ, পুলিশের সিলেট রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মিজানুর রহমান, সিলেট মহানগর পুলিশ কমিশনার কামরুল আহসান, সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন, সিলেটের সরকারি কৌঁসুলি (পিপি) মিসবাহউদ্দিন সিরাজ, সরকারি কৌঁসুলি (জিপি) খাদিমুল মিল্লাত মোহাম্মদ জালাল, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ কে এম শমিউল আলম, সাধারণ সম্পাদক অশোক পুরকায়স্থসহ আদালত ও বিচারসংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শ্রীচৈতন্য মহাপ্রভুর মন্দির পরিদর্শন: গতকাল সকালে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ শ্রীচৈতন্য মহাপ্রভুর মন্দির পরিদর্শন করেন এস কে সিনহা। স্থানীয় ভক্তরা ফুল দিয়ে তাঁকে বরণ করার পর তিনি প্রতিমা দর্শন, ভক্তি প্রদান ও প্রসাদ গ্রহণ করেন। স্থানীয় ভক্তরা মন্দিরের সম্পত্তি বেদখলে চলে যাওয়ার বিষয়টি প্রধান বিচারপতিকে অবহিত করেন। এ সময় তিনি গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।