বিচার-প্রক্রিয়া শুরুই হয়নি, অভিযোগপত্র নিয়ে প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রাতে হামলা হয়েছিল রামুর বৌদ্ধপল্লিতে। ওই ঘটনা স্মরণে গতকাল সন্ধ্যায় রাজু ভাস্কর্যের পাদদেশে প্রদীপ প্রজ্বালন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৌদ্ধ ছাত্র সংসদ l ছবি: প্রথম আলো
২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রাতে হামলা হয়েছিল রামুর বৌদ্ধপল্লিতে। ওই ঘটনা স্মরণে গতকাল সন্ধ্যায় রাজু ভাস্কর্যের পাদদেশে প্রদীপ প্রজ্বালন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৌদ্ধ ছাত্র সংসদ l ছবি: প্রথম আলো

কক্সবাজারের রামুর বৌদ্ধপল্লিতে হামলার দুই বছরেও বিচার-প্রক্রিয়া শুরু হলো না। তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করা হলেও এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।
২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রাতে এই হামলার পরদিন পার্শ্ববর্তী উখিয়া ও জেলা সদরের বিভিন্ন এলাকার বৌদ্ধমন্দিরও আক্রান্ত হয়। স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনের অভিযোগ, প্রকৃত হামলাকারীরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ মূল অপরাধীদের বাদ দিয়ে ইচ্ছেমতো অন্যদের আসামি করেছে।
প্রথম আলোর অনুসন্ধানে জানা গেছে, সরকারের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে যাঁদের দোষী করা হয়েছিল, পুলিশ তাঁদের বাদ দিয়ে অন্যদের আসামি করেছে। স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন ও পুলিশের মামলায় অভিযুক্ত ব্যক্তিদের অনেকেই অভিযোগ করেছেন, অর্থ নিয়ে পুলিশ ইচ্ছেমতো আসামি করেছে।
আসামি করা নিয়ে বাণিজ্যের অভিযোগ অস্বীকার করলেও ঘটনার মূল রহস্য যে এখনো উদ্ঘাটন করা সম্ভব হয়নি, তা স্বীকার করেছেন জেলা পুলিশের কর্মকর্তারা।
উত্তম কুমার বড়ুয়া নামের এক যুবক ফেসবুকে পবিত্র কোরআন শরিফের অবমাননা করেছেন—এমন অজুহাত তুলে দুষ্কৃতকারীরা ওই রাতে ব্যাপক হামলা চালায়। এতে রামুর ১২টি প্রাচীন বৌদ্ধবিহার ও ৩০টির বেশি বসতি ধ্বংস হয়। পরদিন উখিয়া, টেকনাফ ও জেলা সদরের আরও সাতটি মন্দির ও ১১টি বসতিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় করা ১৯টি মামলায় ৩৭৫ জনসহ অজ্ঞাতনামা ১৫ হাজার ১৮২ জনকে আসামি করা হয়। ২০১৩ সালের ডিসেম্বর পর্যন্ত পুলিশ এসব মামলায় ৫২৩ জনকে গ্রেপ্তার করে। এর মধ্যে এজাহারভুক্ত আসামি ১৮৭ জন।
পুলিশ জানায়, গত বছরের ডিসেম্বর এবং চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ১৯ মামলায় ৯৫৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। পলাতক রয়েছেন ২০৬ জন।
হামলার ঘটনা নিয়ে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে প্রধান করে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে সরকারের কাছে প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে হামলার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যসহ ২০৫ জনকে অভিযুক্ত করা হয়। কিন্তু আদালতে দাখিল করা পুলিশের ১৯ মামলার অভিযোগপত্রে চিহ্নিত কারও নাম নেই।
তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০৫ জনের তালিকার প্রধান অভিযুক্ত উত্তম কুমার বড়ুয়া ঘটনার দিন থেকে নিখোঁজ রয়েছেন। ২ নম্বর অভিযুক্ত নুরুল ইসলাম সেলিম রামু প্রেসক্লাবের সভাপতি ও স্থানীয় আওয়ামী লীগের সমর্থক। ঘটনার পর থেকে তিনি এলাকাতেই আছেন। তাঁকে কোনো মামলার অভিযোগপত্রে আসামি করেনি পুলিশ। কিন্তু অভিযোগপত্রে ঢুকেছে রামুর চার সাংবাদিক—খালেদ হোসেন, সোয়েব সাঈদ, আবদুল মালেক সিকদার ও এস এম জাফরের নাম। খালেদ ও সোয়েব বলেন, হামলাকারীদের সঙ্গে পুলিশের সম্পর্ক ভালো ছিল।
বিভাগীয় কমিশনারের তদন্ত প্রতিবেদনে উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি আনসারুল হক ওরফে ভুট্টো ও উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইউনুছ রানা চৌধুরীর নাম আছে। তাঁদেরও আসামি করা হয়নি। ইউনুছ রানার দাবি, ‘আমি হামলার সঙ্গে জড়িত নই, তাই মামলায় নাম নেই।’ একই কথা আনসারুল হকেরও।

রামুর বৌদ্ধপল্লিতে হামলা
রামুর বৌদ্ধপল্লিতে হামলা

এই তদন্ত প্রতিবেদনের পাশাপাশি স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষ থেকে ১৭ জনকে অভিযুক্ত করে একটি তালিকা পুলিশকে দেওয়া হয়। রামু কেন্দ্রীয় সীমাবিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তরু বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘পুলিশ আমাদের তালিকার কাউকে আসামি করেনি। মামলা নিয়ে পুলিশ বাণিজ্য করেছে। যারা হামলা করেনি, তাদের আসামি করা হয়েছে। ফলে আমাদের শত্রু আরও বেড়েছে।’
এ প্রসঙ্গে কক্সবাজারের পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ বলেন, হামলাকারী হিসেবে বৌদ্ধনেতারা ১৭ জনের তালিকা দিলেও কেউ সাক্ষী দিতে রাজি ছিলেন না। তাই তাঁদের আসামি করা যায়নি। তিনি বলেন, আসলে উত্তম বড়ুয়াসহ কয়েকজনকে আটক করা যায়নি বলে হামলার কারণ বা রহস্য উদ্ঘাটন সম্ভব হয়নি।
জানা গেছে, পুলিশের তৈরি ১৯ মামলার অভিযোগপত্রে ৯৫৯ আসামির মধ্যে উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, তাঁর বড় ভাই জামায়াতের নেতা শাহজালাল চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফাইল আহমদ এবং রামুর চার সাংবাদিক ছাড়া পরিচিত তেমন কেউ নেই।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেন, উখিয়ার বৌদ্ধমন্দিরে হামলা ও অগ্নিসংযোগের পৃথক তিনটি মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় ১ সেপ্টেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নির্দেশে সরওয়ার জাহান চৌধুরী ও সুলতান মাহমুদ চৌধুরীকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়। নাইক্ষ্যংছড়ির তোফাইল আহমদ কারাগার থেকে নির্বাচন করে পুনরায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন এবং উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত রয়েছেন।
অভিযুক্ত জনপ্রতিনিধিদের সবাই অভিযোগ করেছেন, ভিন্ন রাজনৈতিক মতাদর্শের হওয়ার কারণেই তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। সরওয়ার জাহান চৌধুরীর অভিযোগ, রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতা তাঁদের একাধিক মামলায় ঢুকিয়ে দিয়েছেন।
কক্সবাজার আদালতের কোর্ট ইন্সপেক্টর মিজবাহ উদ্দিন আহমদ বলেন, বর্তমানে পাঁচটি মামলার বিচারকাজ শুরু হয়েছে। অন্য মামলাগুলোয় পলাতক আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রচার ও পলাতক আসামিদের ধরতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।