বিচিত্র বই, বিপুল পাঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৌতুক মনে হলেও ঘটনা বাস্তব। বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশ থেকে বেরিয়ে যেতে যেতে এক নারী পাশের জনকে বলছিলেন, ‘এই মেলায় খালি বই আর বই।’ জবাবে পাশের জন বলছিলেন, ‘হুম্‌। বাণিজ্য মেলায় কত কিছু পাওয়া যায়!’
কথা সত্য। বইমেলায় শুধু বই আর বই। বিচিত্র বইয়ের সমাহার এখানে। প্রকাশকেরা বলছেন, একটা সময় পাঠকের চাহিদা শুধু গল্প, উপন্যাস, কবিতায় সীমিত ছিল। কিন্তু এখন বিচিত্র চাহিদা। প্রবন্ধ, গবেষণা, আত্মজীবনী, যাপিত জীবনের চালচিত্র ও ব্যক্তিগত ভাবনা নিয়ে লেখা বইও চলছে।
প্রকাশনা সংস্থা প্রথমার কথাই ধরা যাক। সোহরাওয়ার্দী উদ্যানের ঠিক মাঝখানে এই প্রতিষ্ঠানের প্যাভিলিয়নে রয়েছে বিচিত্র বিষয়ের বইয়ের সমাহার। স্টলের চারপাশে ভিড় করে থাকা পাঠকেরাও বিভিন্ন বয়সী, চাহিদাও ভিন্ন রকমের। এখানে চট্টগ্রামের বোয়ালখালী থেকে আসা নজরুল ইসলাম জানালেন, প্রথম দিন থেকে প্রতিদিনই মেলায় আসছেন তিনি। মেলায় এলেই প্রথমার স্টলে একবার ঢুঁ দেন নতুন বইয়ের জন্য। গতকাল কিনেছেন গোলাম মুরশিদের লেখা বিদ্রোহী রণক্লান্ত: নজরুল-জীবনী, সৈয়দ আবুল মকসুদের কাগমারী সম্মেলন এবং আবুল মনসুর আহমদের আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর। নজরুল ইসলাম বলেন, বইমেলার সবচেয়ে বড় সুবিধা, এখানে বহু বিষয়ের বৈচিত্র্যময় বই পাওয়া যায়। আসলাম আহসান সম্পাদিত বাংলা সিনেমার ছয় দশকের স্মরণীয় গান এবং সেলিম জাহানের বেলা-অবেলার কথা বই দুটি কিনেছেন চকবাজারের বংশালের ফারুক হোসেন। তিনি বলেন, বাংলা সিনেমার ছয় দশকের স্মরণীয় গান বইয়ে অনেক কালজয়ী গানের বাণী ও তথ্য আছে। প্রথমার বিক্রয়কর্মী জানালেন, তাঁদের প্যাভিলিয়নে আনিসুল হকের আলো হাতে আঁধারের যাত্রী, আসিফ নজরুলের বেকার দিনের প্রেম-এর মতো জনপ্রিয় ধারার উপন্যাসের পাশাপাশি আল মাসুদ হাসানউজ্জামান সম্পাদিত বাংলাদেশে নির্বাচন, মন্দিরা ভট্টাচার্যের ঢাকার স্মৃতি ও ডাক্তার নন্দী এসব বই ভালো বিক্রি হচ্ছে।
মেলায় এসেছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ইমাম ও লায়লা হাসান। মেলা ঘুরে ঘুরে কিনেছেন সুফিয়া কামালের জীবনী, প্রাচীন মিসর, জিবরানসহ বেশ কিছু বই। ইত্যাদি প্রকাশনে আখতারুজ্জামান ইলিয়াসকে নিয়ে হাসান আজিজুল হকের আমার ইলিয়াস বইটি খুঁজছেন পাঠক।কথাপ্রকাশে দেখা গেল পরিবেশ বিষয়ে কিছু বই। দ্বিজেন শর্মার নিসর্গ কথা ও মোকারম হোসেনের বাংলাদেশের পুষ্প-বৃক্ষ লতা-গুল্ম বইটি ভালো চলছে। সুবর্ণর নতুন বইয়ের তালিকায় ফজলে লোহানীর লেখা এবং পিয়াস মজিদের সম্পাদিত, সংগৃহীত ভাসানী ও বঙ্গবন্ধুর মুখোমুখি বইটি পাঠকের আগ্রহের তালিকায় ছিল।
অনন্যা মূলত উপন্যাস ও কবিতার বই প্রকাশ করে। এখান থেকে এবার এসেছে মহাদেব সাহার নতুন কবিতার বই অনন্তের বাঁশি। প্রকাশক মনিরুল হক জানালেন, জনপ্রিয় লেখকের পাশাপাশি এখানে ড. নাসরীন জেবিনের প্রবন্ধ প্রতিবাদী নারী ও সমাজ ভালো চলছে। তুলনামূলক নতুন প্রকাশনা সংস্থা য়ারোয়া থেকে আসা নতুন বইয়ের মধ্যে মুহম্মদ আকবরের উকিল মুন্সি: প্রামাণ্য পাঠের সন্ধানে কাটতি ভালো। আগামী প্রকাশনীর স্বত্বাধিকারী ওসমান গণি জানালেন, তাঁর প্রকাশনী থেকে প্রকাশিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও হুমায়ুন আজাদের বইগুলো ভালো বিক্রি হচ্ছে। ঐতিহ্যর প্যাভিলিয়নে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখা গেল নূরুল আনোয়ারের মেজর জেনারেল মঞ্জুর হত্যাকাণ্ড: দুর্যোধনটি কে, দেবব্রত মুখোপাধ্যায়ের মাশরাফি বইটি বেশি খুঁজছে পাঠক।