চট্টগ্রাম বন্দরে আমদানি করা চাল নিয়ে ডুবে যাওয়া এমভি হ্যাং রো বং নামের বিদেশি জাহাজটি নির্মাণ করা হয় ১৯৮২ সালে। এ হিসাবে জাহাজটির বয়স প্রায় ২৯ বছর হয়ে গেছে। এই জাহাজে করে সরকারি ১৩ হাজার ৪৯২ টন সেদ্ধ চাল পরিবহন করা হচ্ছিল। অথচ ২৫ বছরের বেশি পুরোনো জাহাজে চাল সরবরাহ করা যাবে না বলে সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে খাদ্য অধিদপ্তরের চুক্তি হয়েছিল।জানা গেছে, এই চাল সরবরাহকারী প্রতিষ্ঠানটি হচ্ছে ভারতের মেসার্স ইমসন্স ইন্টারন্যাশনাল। খাদ্য অধিদপ্তরের সঙ্গে প্রতিষ্ঠানটির যে চুক্তি হয়, তার সাত নম্বর অনুচ্ছেদে বলা আছে, কোনোভাবেই ২৫ বছরের বেশি বয়সী জাহাজে চাল সরবরাহ করা যাবে না। হ্যাং রো বং ভাড়া করার ক্ষেত্রে এই শর্ত মানা হয়নি বলে অভিযোগ উঠেছে।বন্দর সূত্রে জানা গেছে, পুরোনো এই জাহাজটি গত বুধবার বন্দরের বহির্নোঙরে আরেকটি জাহাজকে ধাক্কা দিয়ে নিজেই ডুবে যায়। যে আঘাতে এমভি হ্যাং রো বং জাহাজের বাইরের লোহার পাত (বাল্ক হেড) ফেটে যায়, সেই একই আঘাতে অপর জাহাজ এমভি বঙ্গ লংকারের তেমন কোনো ক্ষতিই হয়নি। জাহাজটি ডুবে যাওয়ার কারণ অনুসন্ধান করছে নৌ-বাণিজ্য অধিদপ্তরের একটি তদন্ত কমিটি। কমিটির আহ্বায়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত মুখ্য কর্মকর্তা এ এফ এম সিরাজুল ইসলামের কাছে জাহাজটির সব সনদ হালনাগাদ আছে কি না, জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, জাহাজটির সব সনদ পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তদন্ত শেষে সব তথ্য বেরিয়ে আসবে।খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, সর্বনিম্ন দরদাতা হিসেবে ভারতের মেসার্স ইমসন্স ইন্টারন্যাশনাল লিমিটেডের সঙ্গে খাদ্য বিভাগের দুটি চুক্তি হয়। গত বছরের ২১ ডিসেম্বর সম্পাদিত দুটি চুক্তিতে (নম্বর ২৩৩৫ ও ২৩৩৬) ৩০ হাজার টন করে সেদ্ধ চাল সরবরাহের কথা বলা হয়। ডুবে যাওয়া জাহাজে ওই দুই চালানের চাল রয়েছে। এর মধ্যে পাঁচ হাজার ২৫০ টন চাল টনপ্রতি ৫১০ ডলার এবং আট হাজার ২৪২ টন চাল ৫১১ দশমিক ৯১ ডলার দরে সরবরাহের কথা চুক্তিতে আছে। এ হিসাবে হ্যাং রো বং জাহাজে প্রায় ৫০ কোটি টাকার ১৩ হাজার ৪৯২ টন চাল ছিল। জানা গেছে, যে জাহাজে চাল পরিবহন হবে, সেই জাহাজের বিস্তারিত তথ্য আগেই খাদ্য অধিদপ্তরে জমা দেওয়ার কথা চুক্তিতে বলা আছে। তা ছাড়া যে বন্দরে চাল বোঝাই হয়েছে, সেই বন্দরে আমদানিকারকের একজন প্রতিনিধি জরিপকারকের (সার্ভেয়ার) পরীক্ষা শেষে জাহাজ এবং পণ্য সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন খাদ্য বিভাগের কাজে জমা দেওয়ার কথা।খাদ্য বিভাগের পরিচালক (সংগ্রহ ও ক্রয়) বদরুল হাসান গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘চুক্তি অনুযায়ী ২৫ বছরের বেশি বয়সী জাহাজে খাদ্যশস্য পরিবহন করা যাবে না—সেটি পালন করা হয়েছে কি না, খতিয়ে দেখছি আমরা। শর্ত পালন না হলে আমরা সরবরাহকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেব।’ভারতের প্রতিষ্ঠান ইমসন্স ইন্টারন্যাশনাল লিমিটেডের স্থানীয় প্রতিনিধি এশিয়ানেট ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এ প্রতিষ্ঠানের কর্ণধার এস কে চক্রবর্তীর ঢাকার কার্যালয়ে টেলিফোনে যোগাযোগ করে বিষয়টি জানানো হলে ইন্দ্রজিত রায় পরিচয় দিয়ে এক ব্যক্তি প্রথম আলোকে জানান, তিনি ব্যস্ত আছেন। পরে যোগাযোগ করবেন।