বিচ্ছিন্ন করা হলো গ্যাসের ছয়টি অবৈধ সংযোগ
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের অবৈধ গ্যাসসংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। গতকাল রোববার পশ্চিমাঞ্চলীয় গ্যাস কোম্পানির (পিজিসিএল) বাঘাবাড়ী কার্যালয়ের কর্মকর্তারা অভিযান চালিয়ে ছয়টি সংযোগ বিচ্ছিন্ন করেন।
তবে অবৈধ সংযোগ প্রদানের সঙ্গে জড়িত কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করায় গ্রাহকদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
গতকাল প্রথম আলোতে ‘পশ্চিমাঞ্চলীয় গ্যাস কোম্পানি লিমিটেড: শাহজাদপুরে অবৈধ সংযোগের হিড়িক’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরই কর্তৃপক্ষের টনক নড়ে। ১৩টি সংযোগের মধ্যে গতকাল ছয়টি, আগে একটিসহ মোট সাতটি সংযোগ বিচ্ছিন্ন করা হলো। নাম না প্রকাশ করার শর্তে গ্রাহকেরা অভিযোগ করেন, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হলো। অথচ কর্মকর্তাদের কিছুই হলো না।
কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া প্রসঙ্গে পিজিসিএলের বাঘাবাড়ী কার্যালয়ের ব্যবস্থাপক জহুরুল ইসলাম বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আছে। অবশ্যই এই অবৈধ সংযোগের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।