বিচ্ছিন্ন কিছু জাল ভোটের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান সদর পৌরসভায় একটি ভোটকেন্দ্রে সাময়িক উত্তেজনা ও বিচ্ছিন্ন কিছু জাল ভোটের অভিযোগ ছাড়া গতকাল বুধবার শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। জেলার লামা পৌরসভাতেও অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।
বান্দরবান পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবু জাফর বলেন, ৭ নম্বর ওয়ার্ডের কালেক্টরেট স্কুলে পাল্টাপাল্টি অভিযোগে ভোটকেন্দ্রের বাইরে কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হলেও কেন্দ্রের ভেতরে পরিস্থিতি স্বাভাবিক ছিল।
লামা পৌরসভার রিটার্নিং কর্মকর্তা শফিকুর রহমান বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া ভোট গ্রহণ সুষ্ঠুভাবে হয়েছে।
বেলা ১১টার দিকে বান্দরবান সরকারি কলেজ কেন্দ্রে ভোটারদের প্রভাবিত করার অভিযোগে ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আয়ুব খানকে আটক করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম। তবে কিছুক্ষণ পর তাঁকে আবার ছেড়ে দেওয়া হয়।
বেলা আড়াইটার দিকে কালেক্টরেট স্কুল কেন্দ্রে তিন মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। বিএনপির মেয়র প্রার্থী জাবেদ রেজা ও জাতীয় পার্টির মেয়র প্রার্থী মিজানুর রহমান অভিযোগ করেন, আওয়ামী লীগের লোকজন জাল ভোট দেওয়ার জন্য কেন্দ্রের মধ্যে কিছু বহিরাগত লোক নিয়ে আসেন। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভোটকেন্দ্রের বাইরে ভাঙচুর চালান। বেলা সোয়া তিনটার দিকে বান্দরবান সরকারি কলেজ কেন্দ্রে কয়েকজন কিশোরকে ভোটারদের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
তবে আওয়ামী লীগের প্রার্থী ইসলাম বেবী বলেন, নির্বাচনে অনিয়ম হয়নি, ভোট সুষ্ঠু হয়েছে।
লামা পৌরসভা: বিএনপির মেয়র প্রার্থীর প্রধান এজেন্ট আবু তাহের অভিযোগ করেন, কয়েকটি কেন্দ্রে জাল ভোট দেওয়া হয়েছে। কিন্তু রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দিলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তবে রিটার্নিং কর্মকর্তা বলেন, কোনো প্রার্থী তাঁর কাছে জাল ভোটের অভিযোগ করেনি।