বিচ্ছিন্ন কিছু সহিংসতা ছাড়া সারা দেশে শান্তিপূর্ণ হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জে গতকাল রোববার হরতালের সময় ছাত্রলীগের তিন নেতার ওপর হামলা চালিয়েছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। এর জের ধরে ছাত্রলীগের কর্মীরা বিএনপির ছাত্রদল সমর্থকদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করেন। বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন কিছু সহিংসতার ঘটনা ছাড়া সারা দেশে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে। বিভিন্ন দাবিতে বিএনপি এই হরতালের ডাক দেয়। এ ছাড়া গাজীপুর সদর ও কালিয়াকৈর উপজেলা থেকে বিএনপি ও যুবদলের সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:মুন্সিগঞ্জ: সকাল থেকে মুন্সিগঞ্জে শান্তিপূর্ণ হরতাল চলছিল। দুপুর সোয়া একটার দিকে সরকারি হরগঙ্গা কলেজের পুরোনো ছাত্রাবাসের প্রবেশের ফটকের কাছে ছাত্রদলের কয়েকজন কর্মী অতর্কিতে এসে ছাত্রলীগের নেতা মেহেদী, মাইনুদ্দিন ও রনির ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান। পরে তাঁদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ছাত্রলীগের নেতার ওপর হামলার ঘটনা ছড়িয়ে পড়ায় সরকারি হরগঙ্গা কলেজের ছাত্রলীগ ও শহর ছাত্রলীগের নেতা-কর্মীরা কলেজ ক্যাম্পাস থেকে লাঠিসোঁটা নিয়ে স্লোগান দিয়ে মিছিল নিয়ে শহরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ মিছিল আটকে দেয় এবং ছত্রভঙ্গ করে দেয়। এ সময় নেতা-কর্মীরা প্রথমে শহরের মাঠপাড়া এলাকায় কয়েকটি বাড়ি এবং শরীফ প্লাজায় চারটি দোকানে ব্যাপক ভাঙচুর চালান। এরপর তাঁরা খালইস্ট এলাকায় সেবা রেন্ট-এ কারে প্রবেশ করে চারটি গাড়ি ও বাড়ির জানালার গ্লাস ভাঙচুর করেন। জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতোয়ার হোসেন জানান, শুনেছি যাদের ছাত্রদলের নেতা-কর্মী বলা হচ্ছে, তারা আমাদের ছাত্রদলের কোনো কিছুতেই নেই। তবে তাদের বড় ভাইয়েরা বিএনপি করেন।নারায়ণগঞ্জ: শহরের ডিআইটি জেলা বিএনপি কার্যালয়ের সামনে ভোর থেকেই অবস্থান নেয় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আইনবিষয়ক সম্পাদক ও জেলা কমিটির সভাপতি তৈমুর আলম খন্দকারের নেতৃত্বে জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মমিনুল হকসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী। তাঁরা দফায় দফায় খণ্ড খণ্ড মিছিল করেন এবং দিনভর দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে সমাবেশ করেন। এ ছাড়া মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাকছুদুল আলমের নেতৃত্বে যুবদলের নেতা-কর্মীরা শহরে পৃথক মিছিল করেন। এ ছাড়া নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে হরতাল সমর্থনকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, সংর্ঘষ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের লাঠিপেটায় পথচারীসহ আহত হয়েছে ২৫ জন। গাজীপুর: গাজীপুরের জয়দেবপুর থানার পুলিশ শনিবার রাতে গাছা ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাররফ হোসেন ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোখলেসুর রহমানকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া হরতালে পিকেটিং করার সময় গতকাল সদর উপজেলার সালনা এলাকা থেকে তিনজন ও পুবাইল থেকে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গাজীপুরের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আক্তারুজ্জামান জানান, বিএনপির নেতা মোশারফ ও যুবদলের নেতা মোখলেসের বিরুদ্ধে আগে থেকেই মামলা রয়েছে। এ ছাড়া রোববার পিকেটিং করার সময় গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হচ্ছে।ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়: গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাসে গতকাল হরতালের কোনো প্রভাব পড়েনি। শিক্ষার্থীরা হরতাল বর্জন করে অন্য দিনের মতো তাঁদের নিয়মিত ক্লাস ও পরীক্ষায় অংশ নিয়েছেন। কালিয়াকৈর (গাজীপুর): সকাল সাতটার দিকে সফিপুর বাজার এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টায়ার পুড়িয়ে পিকেটিং করার সময় কালিয়াকৈর থানার পুলিশ তাঁদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশ পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হারিজউজ্জামানকে গ্রেপ্তার করে। পরে বিএনপির নেতা-কর্মীরা আবার সংগঠিত হয়ে সকাল ১০টার দিকে সফিপুর বাজারে বিএনপির নেতাকে ছেড়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা সকাল ১০টার দিকে বিএনপির ডাকা হরতালের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট থেকে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক ঘুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এসে শেষ হয়। মানিকগঞ্জ: সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কে দূরপাল্লার কোনো যানবাহন চলেনি। বিকেল তিনটার পর থেকে ঢাকা-আরিচা ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু করে। পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে ফেরি চলাচল স্বাভাবিক ছিল। দুপুর পর্যন্ত অপেক্ষামাণ পণ্যবাহী ট্রাক পারাপার করলেও দুপুরের পর যানবাহনের অভাবে ফেরিগুলো বসে ছিল। যাত্রীর অভাবে বিকেল পর্যন্ত লঞ্চ পারপারও বন্ধ ছিল। সকালের দিকে বিএনপির নেতা-কর্মীরা শহরে হরতালের সমর্থনে মিছিল করেন। এ ছাড়া বিভিন্ন পয়েন্টে পিকেটিংও করেছেন নেতা-কর্মীরা। এদিকে ঢাকার সাভারে বিএনপির কোনো নেতা-কর্মীকে হরতালের সমর্থনে মিছিল ও পিকেটিং করতে দেখা যায়নি। তবে সকাল থেকেই সাভারের স্থানীয় সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদ দলীয় নেতা-কর্মীদের নিয়ে সাভার বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেন। সাভার বাসস্ট্যান্ডে হরতালের বিরুদ্ধে মিছিল করেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও হকার্স লীগের নেতা-কর্মীরা। মাঝেমধ্যে দু-একটি বাস এবং ছোট গাড়িও চলাচল করেছে গাবতলী থেকে ধামরাই পর্যন্ত। ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকাসহ আশুলিয়ার সব পোশাক কারখানা গতকাল খোলা ছিল।বগুড়া: সকাল সাড়ে নয়টার দিকে ফুলবাড়ী মহিলা কলেজের সামনে পিকেটারদের ওপর পুলিশ লাঠিচার্জ করে। একই সময়ে শহরের বারপুরে চারটি বাস ভাঙচুর করা হয়। বগুড়া বাইপাসে পুলিশের প্রহরায় রংপুরগামী একটি বাস ভাঙচুর করে পিকেটাররা। পুলিশ এসব এলাকা থেকে বিএনপির চারজনকে গ্রেপ্তার করেছে। মাঝিড়া উপজেলায় হরতাল চলাকালে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলে। উপজেলা সদর সড়কে চারটি যানবাহন ভাঙচুর হলে পুলিশ বিএনপির দুজন নেতাকে গ্রেপ্তার করে।কুমিল্লা: কুমিল্লায় হরতালের পক্ষে বিএনপির দুই পক্ষ সকাল থেকেই আলাদা পিকেটিং করে। এক পক্ষে ছিলেন জেলা কমিটির সভাপতি রাবেয়া চৌধুরী ও অন্য পক্ষে পৌরসভার মেয়র মনিরুল হক। হরতালের সময় বিএনপির সাত কর্মীকে শহরের বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়েছে বলে দলীয় সূত্রে দাবি করা হয়েছে। সকাল আটটায় পূবালী চত্বরের লাগোয়া এনসিসি ব্যাংকের কাচ ভাঙচুর করে হরতালকারীরা।নোয়াখালী: সকাল সাড়ে সাতটার দিকে পিকেটাররা মাইজদী বাজার এলাকায় বিআরটিসির একটি বাস এবং ১০টার দিকে জামে মসজিদ মোড়ে পুলিশ বহনকারী একটি ম্যাক্সি ভাঙচুর করে। বেলা সাড়ে ১১টার দিকে দত্তেরহাটে ছাত্র ও যুবলীগের কর্মীদের সঙ্গে বিএনপির কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। পুলিশ বিএনপির ১২ জন নেতা-কর্মীকে আটক করেছে। সেনবাগে গাছ ফেলে ও টায়ারে অগুন দিয়ে সড়ক অবরোধের সৃষ্টি করা হয়।বরগুনা: বরগুনায় সরকারদলীয় নেতা-কর্মী ও পুলিশের বাধার মুখে সকাল থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শহরের লঞ্চঘাট এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে একটি মিছিল বের করে বিএনপি। হরতালের সময় সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল।চাঁদপুর: দূরপাল্লার বাস চলাচল না করলেও চাঁদপুরে লঞ্চ চলাচল স্বাভাবিক ছিল। তবে ইচলি ও মাদ্রাসা লঞ্চঘাটে যাত্রী ছিল কম। শহরের বাইরে চাঁদপুর-কুমিল্লা সড়কের বাবুরহাট এলাকায় সকাল সাড়ে ১০টায় রাস্তায় গাছের গুঁড়ি ফেলে হরতাল-সমর্থকেরা অবরোধ সৃষ্টি করলে পুলিশ ২০ জনকে আটক করে।চুয়াডাঙ্গা: দুপুর পৌনে একটার দিকে পৌর ছাত্রলীগের সভাপতি জাবিদের নেতৃত্বে ৪০-৪৫ জন দলীয় নেতা-কর্মী শহরের ভিজে স্কুল সড়ক প্রদক্ষিণ করছিলেন। এ সময় তাঁরা এক যুবককে মারধর করেন। অতিরিক্ত পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন ভুঁইয়া ওই যুবককে উদ্ধারের চেষ্টা করলে উত্তেজিত নেতা-কর্মীরা তাঁকে লাঞ্ছিত করার চেষ্টা করেন। এ সময় পুলিশ লাঠিপেটা করলে ছাত্রলীগের জাবিদ, শোভন ও জ্যামি আহত হন। পরে চুয়াডাঙ্গা পৌরসভার সামনে ছাত্রলীগের কর্মীরা পুলিশের ওপর চড়াও হন। এ সময় পুলিশের সঙ্গে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে পুলিশ কনস্টেবল হাফিজুর রহমান আহত হন।ঝালকাঠি: রাজাপুরে হরতাল-সমর্থকেরা দুটি যাত্রীবাহী বাস ভাঙচুর ও একটি ফলের দোকানে হামলা চালিয়ে লুটপাট করেছে। সাতুরিয়া বাজারে হরতালের পক্ষে ও বিপক্ষে মিছিলের সময় প্রতিপক্ষের হামলায় বিএনপির তিন নেতা আহত হন। ঝালকাঠি শহরের এলজিইডি ভবনের সামনে জামায়াতের কর্মী মজিবুর রহমানকে পিটিয়ে আহত করেন স্থানীয় আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের নেতা শহিদুল ইসলাম তালুকদার। পুলিশ ফলের দোকানে হামলা ও লুটপাটের অভিযোগে দুজনকে আটক করেছে।বেড়া (পাবনা): সকাল সাড়ে ছয়টার দিকে পাবনা শহরের নিকটবর্তী মহাসড়কে হরতাল-সমর্থকেরা বেড়া স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সসহ কয়েকটি যানবাহন ভাঙচুর করে। ভাঙচুরের কারণে অ্যাম্বুলেন্সটি রোগী পরিবহনের অনুপযোগী হয়ে পড়েছে। হরতালের আওতামুক্ত হওয়া সত্ত্বেও অ্যাম্বুলেন্স ভাঙচুরের ঘটনাকে দুঃখজন বলে অভিহিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এ কে এম খালেকুজ্জামান।সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): হরতাল সফল করতে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুর রহমান ও আনোয়ার হোসেন মাস্টারের নেতৃত্বে সকাল নয়টা থেকে পৃথক দুটি মিছিল বের করা হয়। বেলা ১১টার দিকে হাসপাতালের মোড়ে উভয় পক্ষের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে সাতজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।কসবা (ব্রাহ্মণবাড়িয়া): ভোর ছয়টায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা কসবার চৌমহনী, কদমতুলীতে টায়ার পুড়িয়ে সিএনজিচালিত অটোরিকশা, টেম্পো ও বাস চলাচল বন্ধ করে দেয়। উপজেলা আওয়ামী লীগ সকাল সাড়ে ১০টায় হরতালবিরোধী বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কসবা চৌমহনীতে এলে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া হয়।এ ছাড়া পিকেটিংয়ের অভিযোগে ঠাকুরগাঁও, নওগাঁ, সাতক্ষীরা, মৌলভীবাজার, গাজীপুরের কালিয়াকৈর ও রাজবাড়ীতে পুলিশ ২০ জনকে আটক করেছে।সিলেট: সকাল ছয়টার দিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর অনুসারী বিএনপির নেতারা নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল শেষে কোর্ট পয়েন্টে সমাবেশ করেন। অন্যদিকে শাহরিয়ার-আরিফ সমর্থিত বিএনপির নেতারা সকাল ছয়টার দিকে নগরের আম্বরখানা থেকে পৃথক আরেকটি বিক্ষোভ মিছিল করেন। বিকেলে নগরের আম্বরখানা মোড়ে মহানগর বিএনপির আহ্বায়ক শাহরিয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশ হয়।বালাগঞ্জ (সিলেট): বালাগঞ্জে আওয়ামী লীগ ও যুবলীগ এবং বিএনপি ও যুবদলের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে দুই সহকারী পুলিশ সুপারসহ (এএসপি) অন্তত ৩০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে চারটি গুলির শব্দ শোনা গেছে। দুটি ট্রাক ও একটি মাইক্রোবাস ভাঙচুর করা হয়েছে।আহত বিএনপির নেতা মনির মিয়া বলেন, পুলিশের প্রত্যক্ষ সহায়তায় আওয়ামী লীগ বিএনপি নেতা-কর্মীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করেছে। বিশ্বনাথ (সিলেট): উপজেলার বিভিন্ন স্থানে বিএনপি-পুলিশ-এলাকাবাসীর মধ্যে বিক্ষিপ্তভাবে পাল্টাপাল্টি ধাওয়া ও লাঠিপেটার ঘটনা ঘটেছে। হরতালে পিকেটিং করা অবস্থায় বিএনপি ও সহযোগী সংগঠনের সাত নেতা-কর্মীকে আটক করা হয়েছে। এদিকে গত শনিবার পুলিশের ওপর বিএনপির ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় বিএনপি ও সহযোগী সংগঠনের ৫১ জন নেতা-কর্মীর নাম উল্লেখ এবং ২৫০ জনকে অজ্ঞাতনামা করে মামলা করেছে পুলিশ।ময়মনসিংহ: সকাল সাড়ে আটটার দিকে পিকেটিং করার সময় শহরের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ভেন্ডার খোরশেদ আলমকে আটক করে পুলিশ। মুক্তাগাছা উপজেলায় শহীদ স্মৃতি সরকারি কলেজ খোলা থাকায় দুপুরে অধ্যক্ষের কক্ষ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে ভাঙচুর করেন বিএনপির নেতা-কর্মীরা। পরে তাঁরা কলেজ রোড মোড়ে একটি টেম্পো ও সত্রাশিয়া এলাকায় একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করেন। মুক্তাগাছা থানার পুলিশ পৌর সদরের ঢলুয়াবিল এলাকা থেকে ছাত্রদল নেতা সোহেলসহ তিনজন এবং সত্রাশিয়া এলাকা থেকে দুজনকে আটক করে। গতকাল ভোরে ভালুকা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির ছয় নেতা-কর্মীকে আটক করে পুলিশ।কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ১৩টি উপজেলার মধ্যে ১২টি উপজেলায় শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে। সকাল সাড়ে নয়টার দিকে বিএনপির নেতা মঞ্জুরুল ইসলামের নেতৃত্বে হোসেনপুর উপজেলা সদরে মিছিল বের হয়। এ সময় বিক্ষুব্ধ বিএনপির কর্মীরা উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করেন। পরে আওয়ামী লীগের কর্মীরা একত্র হয়ে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের বাসা ভাঙচুর করেন। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়া পিকেটিংয়ের সময় শহরের বিভিন্ন এলাকা থেকে ১০ জনকে আটক করা হয়। হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা সদরে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের পিকেটিং নিয়ে বচসা থেকে লাঠিপেটা করে পুলিশ। এতে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিহাব আহমেদসহ ২০ জন আহত হন। ওই সময় একই উপজেলার ইমামবাড়ি এলাকায় আরও পাঁচ নেতা-কর্মী আহত হন। বিএনপির নেতা-কর্মীরা জেলা সদরের ছয়টি স্থানে অবরোধ ও পথসভা করেন। মৌলভীবাজার: সকালে পিকেটিংয়ের সময় মৌলভীবাজার-কুলাউড়া সড়কের চাঁদনীঘাট এলাকা থেকে ছাত্রদলের তিন কর্মীকে আটক করেছে পুলিশ। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শহরের চৌমোহনা, সাইফুর রহমান সড়ক (সেন্ট্রাল রোড) ও পশ্চিম বাজার এলাকায় খণ্ড খণ্ড মিছিল করেছেন। সুনামগঞ্জ: সকাল থেকে জেলা বিএনপির দুই পক্ষের নেতা-কর্মীরা শহরে পিকেটিং শুরু করেন। হরতালের সর্মথনে দুই পক্ষ শহরে খণ্ড খণ্ড মিছিল করে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। জগন্নাথপুর (সুনামগঞ্জ): জগন্নাথপুর উপজেলা বিএনপি হরতাল কর্মসূচি পালন করেনি। রাজপথে বিএনপির কোনো নেতা-কর্মীকে দেখা যায়নি। বিকেলে দলীয় কার্যালয় থেকে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা হরতালের বিপক্ষে মিছিল বের করেন। টাঙ্গাইল: জেলা বিএনপির সভাপতি ও খালেদা জিয়ার উপদেষ্টা আহমেদ আযম খান ঢাকায় আটক হওয়ার খবর টাঙ্গাইলে পৌঁছালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আদালত এলাকায় বিক্ষোভ মিছিল করে। দুপুরে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় হরতালের সমর্থনে পথসভায় বক্তৃতা দেওয়া নিয়ে জেলা বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। নরসিংদী: জিনারদী এলাকায় পিকেটাররা চলন্ত অবস্থায় আন্তনগর এগারসিন্দুর ট্রেন লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হয়। হরতালের সমর্থনে মাধবদী এলাকায় টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে সড়ক অবরোধ করা হয়।