বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া কক্সবাজার সদর উপজেলায় ছয়টি, রামুর ছয়টি ও উখিয়ার পাঁচটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এদিকে উখিয়ার পালংখালী ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
সকাল থেকে দুপুর পর্যন্ত ভোটকেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে বিকেলে কেন্দ্রগুলো ফাঁকা হয়ে পড়ে।
সকাল সাড়ে আটটার দিকে রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের আলহাজ ফজল আম্বিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে বিপুলসংখ্যক ভোটারের উপস্থিতি দেখা যায়। লাইনে দাঁড়ানো ভোটার হাবিবুর রহমান (৪০) বলেন, অপ্রাপ্তবয়স্ক অনেকে জাল ভোট দিতে লাইনে দাঁড়িয়েছে।
রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও ভোটারের বিপুল উপস্থিতি চোখে পড়ে। শ্রীকুল গ্রামের ভোটার মানসী বড়ুয়া (৪৫) বলেন, ‘সকাল সাড়ে সাতটার দিকে লাইনে দাঁড়িয়েছি। কিন্তু এখনো পর্যন্ত ভোট দিতে পারিনি। ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখে ভালো লাগছে।’
সকাল সাড়ে নয়টায় উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ধেছুয়াপালং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গেলে কয়েকজন ভোটার অভিযোগ করেন, ভোট গ্রহণ চলছে ধীরগতিতে। এ কারণে প্রচণ্ড রোদের মধ্যে দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাঁদের।
স্থানীয় সূত্র জানায়, জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে সকাল ১০টার দিকে উপজেলার চাকমারকুল ইউনিয়নের শ্রীমুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গোলযোগ দেখা দেয়। রামু থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, জাল ব্যালট নিয়ে ভোটকেন্দ্রে ঢোকার সময় সাদ্দাম নামের এক ব্যক্তিকে পুলিশ আটক করে। পরে সাদ্দামকে ছয় মাসের কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শওকত ওসমান।
রামু উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বেদারুল ইসলাম বলেন, উপজেলার ফতেখাঁরকুল, খুনিয়াপালং, দক্ষিণ মিঠাছড়ি, জোয়ারিয়ানালা, চাকমারকুল ও রাজারকুল ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন শেষ হয়েছে।
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ঈদগাঁও আলমাছিয়া ফাজিল মাদ্রাসা, আজিজিয়া নুরুল উলুম মাদ্রাসা ও ভাদিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে শান্তিপূর্ণ পরিবেশ দেখা যায়।
স্থানীয় বিভিন্ন সূত্র জানায়, পোকখালী, ইসলামাবাদ, চৌফলদন্ডি ও ইসলামপুর ইউনিয়নেও নির্বাচন ছিল শান্তিপূর্ণ।
সকালে উপজেলার জালালাবাদ ইউনিয়নের দক্ষিণ লরাবাগ জমিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিশৃঙ্খলা দেখা দিলে ভোট গ্রহণ সাময়িক বন্ধ থাকে।
স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে নৌকা প্রতীকের স্লোগান দিয়ে একদল যুবক কেন্দ্রে ঢুকে ব্যালটে সিল মারা শুরু করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এগিয়ে এলে যুবকেরা তাঁদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। এরপর পুলিশ লাঠিপেটা শুরু করলে ভোটাররা কেন্দ্র ছেড়ে পালিয়ে যান। আওয়ামী লীগের প্রার্থী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদের বাড়ি এই কেন্দ্রের পাশে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে দুই সদস্য প্রার্থীর মধ্যে মারপিট শুরু হয়। এ সময় পুলিশের প্রতি ইটপাটকেল ছোড়া হয়। এ ঘটনায় কিছুক্ষণ ভোট গ্রহণ বন্ধ থাকে। পরে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়।
ইমরুল হাসানের অভিযোগ, দুপুরে চাউলবাজার এলাকায় বিএনপির প্রার্থী আলমগীর তাজের লোকজন তাঁর ওপর হামলা চালান ও একটি গাড়ি ভাঙচুর করেন।
ওসি আসলাম হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি ছুড়ে লোকজনকে ছত্রভঙ্গ করে দিয়ে ইমরুল রাশেদকে উদ্ধার করে। তিনি (ইমরুল) আঘাত পাননি।
দুপুর সাড়ে ১২টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নে বিএনপির প্রার্থী হেলাল উদ্দিন নির্বাচন বর্জনের ঘোষণা দেন। তিনি বলেন, একাধিক কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী ও দলটির ‘বিদ্রোহী’ প্রার্থীর লোকজন তাঁর এজেন্টদের বের করে দিয়ে ব্যালটে সিল মারা শুরু করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার না পাওয়ায় তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান।
এ প্রসঙ্গে জানতে চাইলে উখিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, পালংখালীতে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। অবস্থা খারাপ দেখে বিএনপির প্রার্থী নির্বাচন বর্জনের নামে সরে দাঁড়িয়েছেন।