বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কুড়িগ্রামে শান্তিপূর্ণ ভোট গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া গতকাল বৃহস্পতিবার কুড়িগ্রাম জেলার তিন উপজেলা পরিষদের নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ করা হয়েছে। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে পুরুষদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশি। এসব উপজেলায় চেয়ারম্যান পদে ১৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ১২ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
গতকাল সকাল নয়টা ৩৫ মিনিটে রাজারহাট ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম ছিল। তখন পর্যন্ত ওই কেন্দ্রে ৩৩৫টি ভোট পড়ে। এখানে ভোটার সংখ্যা দুই হাজার ৯২৬ জন। পাশের রাজারহাট পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে নারীদের দীর্ঘ লাইন দেখা যায়। সকাল ১০টা ২৫ মিনিট পর্যন্ত কেন্দ্রের সাতটি বুথে ৫৩৮টি ভোট পড়ে। এখানে ভোটার সংখ্যা দুই হাজার ৫৪৪ জন।
শুকদেব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে আতিকুর রহমান (২৭) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ। তিনি শুকদেব পশ্চিমপাড়ার ফজল উদ্দিনের ছেলে। বেলা ১১টায় চাকিরপশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরুষ কেন্দ্রের পাঁচটি বুথে ভোট পড়েছে ৩৭০টি। এখানে মোট ভোটার সংখ্যা এক হাজার ৮৭৯ জন। পাশাপাশি নারী কেন্দ্রে পাঁচটি বুথে ভোট পড়েছে ২০৬টি। এখানে মোট ভোটার সংখ্যা এক হাজার ৯৭৭ জন।
নাজিম খান ইউনিয়নের সোনালুর কুটি উচ্চবিদ্যালয় কেন্দ্রে কথা হয় গোকুলা গ্রামের হাফিজুর রহমানের সঙ্গে (৭৮)। তিনি জানান, গত ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে এই এলাকায় একতরফা নির্বাচন হওয়ায় তিনি ভোট দিতে পারেননি। এই দুঃখ ঘোচাতে তিনি খুব সকালে ভোটকেন্দ্রে হাজির হন।
রাজিবপুর উপজেলায় চরসাজাই মণ্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ফয়জুল হককে মারধর করার ঘটনায় আধঘণ্টা ভোট গ্রহণ বন্ধ থাকে। সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে। ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, এই কেন্দ্রে মোক্তার আলী ও আবদুল মোন্নাফ নামের দুই যুবক একই সময়ে একই প্রতীকে ভোট দেন। এতে বাধা দেন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ফয়জুল হক। এ নিয়ে তাঁদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে কোদালকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির কেন্দ্রে ঢুকে ফয়জুলকে মারধর করেন। এ ঘটনায় সকাল সাড়ে নয়টা পর্যন্ত ভোট গ্রহণ বন্ধ থাকে।