বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন উৎসবমুখর: ব্রতী
বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া উৎসবমুখর পরিবেশে অবাধ ও শান্তিপূর্ণভাবে গতকাল বুধবার প্রথম ধাপের ৯৭টি উপজেলা পরিষদ নির্বাচন হয়েছে। ২৩টি উপজেলায় নির্বাচন পর্যবেক্ষণ শেষে প্রাথমিক প্রতিবেদনে ব্রতী এ দাবি করে। সংগঠনটির ৩০০ পর্যবেক্ষক ভোটকেন্দ্রে নির্বাচন পর্যবেক্ষণ করেন।
ব্রতীর পর্যবেক্ষণ প্রতিবেদনে বলা হয়, নির্বাচনে ৬৮ থেকে ৭২ শতাংশ ভোট পড়েছে বলে ধারণা করা হয়। নারী ও সংখ্যালঘু ভোটারদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। প্রার্থীদের মধ্যে জাল ভোট প্রদান, কেন্দ্রে প্রভাব বিস্তার এবং এজেন্টদের বাধা দেওয়ার বিষয়ে অভিযোগ-পাল্টা অভিযোগের ঘটনা ঘটেছে। তবে এসব অভিযোগের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
প্রতিবেদনে পাবনা ও বরিশালের দুই উপজেলার এক পক্ষের নির্বাচন বর্জন, গোলযোগের কারণে পৃথক দুটি উপজেলার দুটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা, পৃথক অন্য চারটি উপজেলার চারটি কেন্দ্রে বোমা হামলা, ব্যালট বাক্স ছিনতাই ও সংঘর্ষের ঘটনা উল্লেখ করা হয়।